Home খেলাধুলা স্ত্রীকে মারধরের অভিযোগে আদালতে সাবেক প্রিমিয়ার লিগ ফুটবলার

স্ত্রীকে মারধরের অভিযোগে আদালতে সাবেক প্রিমিয়ার লিগ ফুটবলার

1


স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক উইঙ্গার নাথানিয়েল মেন্দেজ-লায়িংয়ের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। সেই মামলায় আদালতে হাজির হয়ে অভিযোগ অস্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

বর্তমানে এমকে ডন্সের হয়ে খেলা মেন্দেজ-লায়িংয়ের বিরুদ্ধে গত জুনে স্ট্যাফোর্ডশায়ারে নিজেদের বাড়িতে স্ত্রী সাইরা মেন্দেজ-লায়িংকে মারধরের অভিযোগ আনা হয়েছে। শেনস্টোনের ওই বাড়িতে পুলিশ ডাকার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং মারধরের মাধ্যমে আঘাত করার অভিযোগে মামলা করা হয়। গত মাসে সরকারি কৌঁসুলি দপ্তর সেই অভিযোগের অনুমোদন দেয়।

শুক্রবার ক্যানকের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন মেন্দেজ-লায়িং। আদালতে নিজের নাম, বয়স ও ঠিকানা নিশ্চিত করেন তিনি। এরপর অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো কথা বলেননি। তিনি খুঁড়িয়ে ও লাঠির সাহায্যে আদালতে প্রবেশ করেন।

আদালতে জানানো হয়, কথিত ঘটনার সময় মেন্দেজ-লায়িং তার স্ত্রীকে মাথায় বারবার আঘাত করেন এবং তার হাতে চোট লাগে বলে অভিযোগ রয়েছে।

আদালতকে আরও জানানো হয়, মুঠোফোন নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। তবে মেন্দেজ-লায়িংয়ের দাবি, সেই বিরোধ শারীরিক আক্রমণে রূপ নেয়নি।

সাইরা মেন্দেজ-লায়িং তার সন্তানের মা। গত গ্রীষ্মে বিয়ের পর মাত্র এক বছর আগে তাদের দাম্পত্য জীবন শুরু হয়।

মামলাটির বিচার আগামী জানুয়ারিতে শুরু হবে। বিচারক জোসেফ ও’কনর মেন্দেজ-লায়িংকে কারাগারে পাঠানোর পরিবর্তে কিছু শর্তে জামিন দিয়েছেন।

চলমান মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এমকে ডন্স। চলতি মৌসুমে লিগ ওয়ানে দলটির অবস্থাও খুব একটা ভালো নয়।

২০১৯-২০ মৌসুমে কার্ডিফ সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলেছিলেন মেন্দেজ-লায়িং। ওয়েলশ দলটির হয়ে ২০ ম্যাচে চারটি গোল করেছিলেন তিনি।

মায়ের পাশাপাশি মাতামহীর সূত্রে গুয়াতেমালার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন এই ফুটবলার। জাতীয় দলের হয়েও তিনি খেলেছেন।

চলতি লিগ ওয়ান মৌসুমের উদ্বোধনী ম্যাচের পর থেকে মাঠে দেখা যায়নি মেন্দেজ-লায়িংকে। এর আগে ডার্বি কাউন্টিতে তিন বছর কাটিয়ে এমকে ডন্সে যোগ দেন তিনি। ডার্বির হয়ে ১৩১ ম্যাচে ১৯টি গোল করেছিলেন এই ফুটবলার।