আন্তর্জাতিক ডেস্ক।।
দুর্বল মোবাইল নেটওয়ার্কের প্রতিবাদে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরের একদল গ্রামবাসী। তারা একটি মোবাইল টাওয়ারের সঙ্গে এক টেকনিশিয়ানকে বেঁধে রাখেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এলাকায় মোবাইল টাওয়ার থাকার পরও দীর্ঘ দিন ধরে নেটওয়ার্ক সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন গ্রামবাসীরা। গত বৃহস্পতিবার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা এই চরম পদক্ষেপ নেন, যাতে মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে মোবাইল টাওয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার চারপাশে বেশ কয়েকজন গ্রামবাসী জড়ো হয়েছে।
ভিডিওটি ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা যায়, প্রায় দুই বছর ধরে এলাকায় নেটওয়ার্ক সমস্যায় ভুগতে ভুগতে হতাশ হয়ে গ্রামবাসীরা এই পদক্ষেপ নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই গ্রামবাসীরা মোবাইল নেটওয়ার্ক সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে টাওয়ারের এক কর্মী গ্রামে আসার পর তাদের ক্ষোভ আরও বেড়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় মোবাইল টাওয়ার থাকা সত্ত্বেও দীর্ঘ দিন ধরে নেটওয়ার্ক সমস্যা রয়েছে। এ বিষয়ে মোবাইল কোম্পানির কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। একপর্যায়ে ক্ষোভ চরমে পৌঁছালে গ্রামবাসীরা সেখানে আসা টেকনিশিয়ানকে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখেন। তাদের দাবি ছিল, টেলিকম কোম্পানির কর্মকর্তারা গ্রামে এসে সমস্যার সমাধান না করা পর্যন্ত ওই টেকনিশিয়ানকে ছেড়ে
দেওয়া হবে না।গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, তারা ৫জি সেবার জন্য নিয়মিত প্রিপেইড রিচার্জ কিনছেন। কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে ইন্টারনেট ব্যবহার কিংবা ফোনে কথা বলতেও তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
বিন্দকি থানার ইনচার্জ শৈলেশ সিংহ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে টেকনিশিয়ানকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকার মোবাইল নেটওয়ার্ক সমস্যাকে কেন্দ্র করেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘মোবাইল নেটওয়ার্কের সমস্যায় গ্রামবাসীরা ভুগছিলেন। এ কারণেই তারা টাওয়ারের কর্মীকে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখেন।’
ওই টেকনিশিয়ানের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।









































