Home আন্তর্জাতিক প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর ফেরত চেয়ে মামলা!

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর ফেরত চেয়ে মামলা!

40


আন্তর্জাতিক ডেস্ক

প্রেমিকার পেছনে ৩ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৪ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৬১৯) খরচ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক সিইও। বিচ্ছেদের পর সেই অর্থ ফেরত চেয়ে প্রেমিকার বিরুদ্ধে মামলা করেন তিনি।

মামলায় ওই সিইও দাবি করেন, ওই অর্থ ঋণ হিসেবে দিয়েছিলেন প্রেমিকাকে। তবে শেষ পর্যন্ত আদালতে মামলায় হেরে গেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় লজিস্টিকস প্রতিষ্ঠান টিসিআই এক্সপ্রেস লিমিডেটের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক চন্দর আগরওয়াল সিঙ্গাপুরের হাইকোর্টে তার সাবেক প্রেমিকা ফেলিসিয়া লির বিরুদ্ধে মামলা করেন। তার দাবি ছিল, ফেলিসিয়া তার কাছে প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলার পান। প্রেমিকাকে তিনি সুদবিহীন ঋণ হিসেবে দিয়েছিলেন এবং তা ফেরত দেওয়ার কথা ছিল।

তবে আদালত থেকে জানানো হয়, ওই অর্থের বেশিরভাগই উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ফলে আগরওয়ালের দাবি খারিজ করে দেওয়া হয়েছে।

আদালতের বিচারক বলেন, লি ওই অর্থ ঋণ হিসেবে চেয়েছিলেন কিংবা তা ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন— এমন প্রমাণ আগরওয়াল আদালতে উপস্থাপন করতে পারেননি।

আদালত আরও জানায়, সম্পর্ক চলাকালে দুজনের মধ্যে প্রচুর হোয়াটসঅ্যাপ বার্তা আদান-প্রদান হলেও আগরওয়ালের ঋণের দাবির পক্ষে কোনো হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত আদালত আগরওয়ালের সব দাবি খারিজ করে দেন। একইসঙ্গে লির আইনি খরচও তাকে পরিশোধের নির্দেশ দেন সিঙ্গাপুরের আদালত।