মণিরামপুর (যশোর) প্রতিনিধি ॥
খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে যশোরের মণিরামপুরে সুব্রত দাস নামে এক কৃষকের বাড়ি লুট হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রোহিতা দক্ষিণ দাস পাড়ায় এঘটনা ঘটে। সুব্রত ওই গ্রামের মৃত সংকর দাসের ছেলে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সুব্রত দাস জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফিরে দেখেন তার মা ঘরের মেইন গেট ও দরজা খুলে শুয়ে আছেন। তখন নিজে খাবার খেয়ে ঘুমাতে যান। খাবার খাওয়ার পরপরই তার বমি হয়। এরপর ঘুমঘুম ভাব হলে দরজা না লাগিয়ে তিনিও শুয়ে পড়েন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাতটার দিকে তার মা ঘুম থেকে জেগে দেখেন দরজা খোলা, ঘরের সব এলোমেলো। তখন তিনি সুব্রতকে ডেকে তোলেন।
সুব্রত বলেন, দুবৃত্তরা সন্ধ্যা রাতে কোন একসময় ভাত-তরকারির সাথে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছে। সেই খাবার খেয়ে আমি ও মা গভীরভাবে ঘুমিয়ে পড়ি। তখন তারা ঘরের আলমারি ও বাক্সখুলে ২২ হাজার টাকা, ৩২ ইঞ্চি একটি এলইডি টিভি, শাড়ি কাপড় ও তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে।
সুব্রতর মা তৃপ্তি রানী দাস বলেন, রাতে খাবার খাওয়ার পর থেকে শরীরটা দুর্বল লাগছিল। তখন শুয়ে পড়লে ঘুম এসে যায়। ছেলে ফেরার বিষয়টি টের পাইনি। সকালে উঠে দেখি ঘরের দরজা, বাক্স আলমারি সব খোলা। ঘরে কিছুই নেই। এখনো আমি ও সুব্রত অসুস্থ।
স্থানীয় স্কুল শিক্ষক দেবাশীষ দাস বলেন, মণিরামপুরের পশ্চিম এলাকায় একের পরএক চুরি ডাকাতি ঘটেই যাচ্ছে। কোন প্রতিকার মিলছে না। এসব ঘটনায় আমরা আতঙ্কিত।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছি।










































