Home জাতীয় চাহিদার চেয়ে মাছের উৎপাদন বেশি, সংসদে মন্ত্রী

চাহিদার চেয়ে মাছের উৎপাদন বেশি, সংসদে মন্ত্রী

1

ঢাকা অফিস।।

দেশে মাছের চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, বর্তমানে দেশে মাছের কোনো ঘাটতি নেই।

রবিবার (২১ জুন) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

২০২৪-২৫ অর্থবছরের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদা হিসেবে বার্ষিক মোট চাহিদার পরিমাণ ৩৮ দশমিক ০৯ লাখ মেট্রিক টন। এর বিপরীতে একই সময়ে দেশে মাছ উৎপাদন হয়েছে ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন। অর্থাৎ চাহিদার তুলনায় দেশে মাছের উৎপাদন অনেক বেশি।

আমদানির বিষয়ে মন্ত্রী জানান, গত ২০২৪-২৫ অর্থবছরে মোট মৎস্য উৎপাদনের তুলনায় আমদানিকৃত মাছের পরিমাণ ছিল মাত্র ১ শতাংশ। এ সময়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৭৫ কোটি টাকা।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সাধারণ ভোক্তাদের জন্য মাছ আমদানির প্রয়োজন হয় না। তবে বিশেষ ভোক্তা গোষ্ঠীর চাহিদা ও রুচি পূরণের জন্য সীমিত পরিসরে কিছু নির্দিষ্ট প্রজাতির সামুদ্রিক মাছ আমদানি করা হয়। আমদানিকৃত এসব মাছের তালিকায় রয়েছে—টুনা, হেরিং ফিশ, রুপচাঁদা, ম্যাকেরেল, ছুরি, স্ন্যাপার, কিং ফিশ, স্কুইড ও অক্টোপাসসহ বিভিন্ন সামুদ্রিক প্রজাতি।

দেশের মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে সরকার অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও জানান মন্ত্রী।