সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বড় আকৃতির কোরাল (ভেটকি) মাছ।
সোমবার (১৫জুন) সকালে উপজেলার কাপষন্ডা গ্রামের জেলে মো. রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। দীর্ঘদিন পর এত বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ায় স্থানীয় জেলে ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
জেলে রবিউল বলেন, প্রতিদিনের মতো ভোরে খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে কয়েকজনের সহায়তায় জাল ওপরে তুললে ভেতরে বড় আকৃতির কোরাল মাছ দেখতে পান। পরে ওজন করে দেখা যায় মাছটি প্রায় ১৫ কেজি।
তিনি আরও বলেন, জাল তুলতে গিয়ে প্রথমে বুঝতে পারিনি এত বড় মাছ আটকা পড়েছে। পরে কাছে এনে দেখি বিশাল আকারের কোরাল মাছ। এর আগেও আমার জালে ৮ কেজি ও ১২ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়েছিল।
বড় আকারের মাছটি নদীর ঘাটে আনার পর সেটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। অনেকে মাছটির ছবি তোলেন এবং সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে বিষয়টি।
স্থানীয় মৎস্যজীবীরা বলেন, খোলপেটুয়া নদীতে কোরাল বা ভেটকি মাছ পাওয়া গেলেও বর্তমানে এত বড় আকারের মাছ পাওয়া যায় না। নদীতে মাছের বিচরণ ও সংখ্যা আগের তুলনায় কমে যাওয়ায় এমন ঘটনা স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
তাদের মতে, নদীর প্রাকৃতিক পরিবেশ কিছুটা অনুকূলে থাকলে এখনও বড় আকারের দেশীয় মাছ পাওয়া সম্ভব। খোলপেটুয়া নদীতে ধরা পড়া এই মাছ জেলেদের জন্য যেমন আনন্দের, তেমনি নদীর জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিচ্ছে।










































