স্পোর্টস ডেস্ক।।
সিরিজের তৃতীয় ম্যাচে নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে তার বদলে একাদশে সুযোগ দেওয়া হয় শরিফুল ইসলামকে। গত কিছুদিন ধরে নাহিদের বিকল্প হিসেবেই খেলছেন বাঁহাতি এই পেসার।
ফিরেই ক্যারিয়ার সেরা বোলিং করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শরিফুল। রবিবার (১৪ জুন) নিজের প্রথম ওভারেই জশ ইংলিসকে ফিরিয়ে দারুণ শুরু করেন।
এরপর একে একে তুলে নেন আরও ৫ উইকেট। নিজের শেষ স্পেলে তো ছিলেন ভয়ঙ্কর। ৪৬তম ওভারে মাত্র ১ রান খরচায় ২ উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখানোর পাশাপাশি প্রথমবারের মতো ওয়ানডেতে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন। শরিফুলের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে পেসারদের এমন স্বাস্থ্যকর প্রতিযোগিতার ইতিবাচক দিক তুলে ধরেন শেষ ম্যাচে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত।
পেসারদের স্বাস্থ্যকর প্রতিযোগিতা নিয়ে শান্ত বলেন, ‘শরিফুলকে নিয়ে অনেক খুশি। বোলিং ইউনিটে এটাই দরকার। বেঞ্চে অনেক ভালো বোলার রয়েছে। এই স্বাস্থ্যকর প্রতিযোগিতাটাই দলে আমাদের দরকার। তবুও অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে, আমি বিশ্বাস করি।’
শেষ ম্যাচে হারলেও দলের মানসিকতা ও ইনটেন্ট নিয়ে শান্ত বলেন, ‘যেভাবে আমরা খেলেছি, তাতে দলকে নিয়ে আমি দারুণ খুশি। তিন ম্যাচে যেভাবে খেলেছি, আজও শেষ পর্যন্ত যেভাবে লড়াই করেছি, তাতে সবাইকে নিয়ে গর্বিত। মাঠে সবাই বিশ্বাস করেছে যে আমরা যেকোনো পরিস্থিতি থেকে জিততে পারি। ২৭৫ রান ভালো স্কোর ছিল। হৃদয় ও মোসাদ্দেক যেভাবে ব্যাট করেছে, তাতেও আমি দারুণ খুশি। মাঝের ওভারগুলোতে স্পিনাররা উইকেট নিতে না পারাটাই আসলে আমাদের পিছিয়ে দিয়েছে। শরিফুল শেষ দিকে যেভাবে বল করেছে, আগের দুই ম্যাচ না খেলেও সে নিজের চরিত্র দেখিয়েছে। কাজটা সহজ নয়, তবে দেখে ভালো লাগছে। আশা করি সে তার ফর্ম ধরে রাখবে।’











































