স্টাফ রিপোর্টার।।
খুলনা পাসপোর্ট অফিসের প্রধান ফটকের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আতিয়ার রহমান, যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট, সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, বুধবার (৩ জুন) সকালে আতিয়ার রহমান পাসপোর্ট সংক্রান্ত কাজে খুলনা পাসপোর্ট অফিসে যান। তিনি তার ব্যবহৃত টিভিএস 4V মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা মেট্রো-ল-১২-৯৭১১) অফিসের মূল ফটকের সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা পর বাইরে এসে তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি সেখানে নেই।
পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, প্রথমে হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে এসে আতিয়ার রহমানের বাইকের পাশে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সে কৌশলে মোটরসাইকেলটির লক খুলে দিয়ে স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পরে ঘিয়ে (হালকা বাদামি) রঙের টি-শার্ট পরিহিত এক যুবক এসে মোটরসাইকেলটি চালিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়।
এ ঘটনায় আতিয়ার রহমান সোনাডাঙ্গা থানায় মামলা নং-৫, তারিখ ০৩-০৬-২০২৬ মূলে একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী মোটরসাইকেলটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে কেউ মোটরসাইকেলটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে এবং মোটরসাইকেল উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।










































