Home আলোচিত সংবাদ চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

2

ঢাকা অফিস।।


চাঁপাইনবাবগঞ্জে আলাদা স্থানে বজ্রপাতের তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় একটি গরুও মারা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে সদর, শিবগঞ্জ এবং নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছেন।


নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ (১৭), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার (১৯), রানীবাড়ি গ্রামের আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন (১৬), মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল (১৪), নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম (৪১) এবং গোসাইপুর গ্রামের মো. শাফিউলের ছেলে হাসান আলি লালু (২১)।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, মাহমুদা আক্তার, সাদিয়া খাতুন ও মেসবাউল নিজ নিজ বাড়ির সংলগ্ন আমবাগানে বজ্রপাতে নিহত হয়েছেন। ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে তারা বজ্রাঘাতের শিকার হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে আব্দুল্লাহ বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গরুটিও মারা যায়।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে সুমিয়ারা বেগম বজ্রপাতে মারা যান।

এ ছাড়া বিকাল ৫টার দিকে উপজেলার গোসাইপুর এলাকায় বজ্রপাতে হাসান আলি লালু মারা যান।

একদিনে জেলার তিন উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।