স্টাফ রিপোর্টার।।
এক সময় ঘরে বসে মেয়ের জন্য ছোট ছোট পোশাক ডিজাইন করতেন। সেই শখই আজ তাকে খুলনার পরিচিত নারী উদ্যোক্তাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজের স্বপ্ন, পরিশ্রম আর পরিবারের সহযোগিতাকে শক্তি করে হাজারো নারীর অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন ফাতেমা তুজ জোহরা লিন্ডা।
খুলনার বানরগাতী আরামবাগ এলাকার ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া লিন্ডার বাবা ছিলেন ব্যবসায়ী এবং মা গৃহিণী। পড়াশোনা শেষ করেছেন ডিগ্রি পর্যন্ত। ব্যক্তিজীবনে তিনি বিবাহিতা। তার স্বামী মাহামুদ হাসান বিপ্লব একজন ব্যবসায়ী। তাদের একমাত্র কন্যা সন্তান অপসরী হাসান অপরূপা। বর্তমানে পরিবার নিয়ে পশ্চিম টুটপাড়ার অষ্টম গলিতে বসবাস করছেন তিনি।

লিন্ডা জানান, ২০০৮ সালে তার উদ্যোক্তা জীবনের শুরু। সে সময় তার স্বামী তাকে একটি কম্পিউটার ও ক্যামেরা কিনে দেন। তখন সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না। গুগলে বিভিন্ন ভিডিও ও ডিজাইন দেখে নতুন কিছু শেখার চেষ্টা করতেন। এক পর্যায়ে নিজের মেয়ের জন্য পোশাক ডিজাইন শুরু করেন। তখন তার মেয়ের বয়স ছিল মাত্র দুই বছর। মেয়েই ছিল তার প্রথম “মডেল”।
তিনি বলেন, “আমার ডিজাইন করা পোশাক দেখে আশপাশের মানুষ অনেক প্রশংসা করতেন। তখন থেকেই মনে সাহস আসে—আমি চাইলে এগুলো বিক্রিও করতে পারি।”

সেই ভাবনা থেকেই কিছু দর্জি ও কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু হয় “পিয়া বুটিক খুলনা”-এর। শুরুতে এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল তার ব্যবসা। পরে ২০১২ সালে অনলাইনভিত্তিক ব্যবসার পরিকল্পনা করেন। ফেসবুক লাইভের মাধ্যমে পোশাক বিক্রি শুরু করলে ব্যাপক সাড়া পান।
এরপর তিনি “খুলনা অনলাইন সেলার গ্রুপ” নামে একটি উন্মুক্ত কমিউনিটি গড়ে তোলেন। যেখানে নারী উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রচার ও বিক্রির সুযোগ পান। ধীরে ধীরে নারীদের জন্য একটি সংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করেন তিনি।
লিন্ডা বলেন, “ঢাকা ও চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের মেলা দেখে আমারও ইচ্ছা হয়েছিল খুলনায় এমন আয়োজন করার।”
সেই স্বপ্ন থেকেই ২০১৮ সালে খুলনার হোটেল রয়্যালে আয়োজন করেন “ফাল্গুন মেলা”। যা খুলনাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক আয়োজন করে ইতোমধ্যে ৫৬টি মেলার সফল আয়োজক হয়েছেন তিনি।

শুধু ব্যবসা নয়, নারী উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন লিন্ডা। তার সংগঠনের মাধ্যমে ব্লক-বাটিক, সেলাই, পার্লার, কেক তৈরি, হাতে তৈরি গহনা ও খাবার প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণ শেষে অনেক নারীকে আর্থিক সহায়তা ও মেলায় স্টল দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার দাবি, নিজ হাতে তিনি প্রায় ১২০০ নারী উদ্যোক্তা তৈরি করেছেন।
বর্তমানে খুলনার রয়্যাল মোড়ে তার প্রতিষ্ঠিত “ফ্যাশন জোন বাই লিন্ডা” একটি পরিচিত নাম। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে লিন্ডা বলেন, “আমি এমন একটি স্থায়ী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে নারী উদ্যোক্তারা বিনামূল্যে একটি জায়গা পাবেন। সেখানে তারা এক ছাদের নিচে নিজেদের তৈরি পণ্য বিক্রি করতে পারবেন—একটি ‘হলিডে মার্কেট’-এর মতো।”

তিনি মনে করেন, পরিবারের সমর্থন একজন নারীর এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। জীবনে নানা বাধা ও প্রতিকূলতা এলেও স্বামী ও বাবা-মায়ের সহযোগিতাই তাকে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।
ফাতেমা তুজ জোহরা লিন্ডার এই পথচলা এখন শুধু একজন নারীর সফলতার গল্প নয়, বরং হাজারো নারীর স্বপ্ন দেখার সাহসের নাম।











































