Home Lead দেশজুড়ে পৃথক সড়ক দুর্ঘটনা: কুষ্টিয়া, যশোর, গাজীপুর ও দিনাজপুরে নিহত ১০

দেশজুড়ে পৃথক সড়ক দুর্ঘটনা: কুষ্টিয়া, যশোর, গাজীপুর ও দিনাজপুরে নিহত ১০

5

খুলনাঞ্চল রিপোর্ট।।

আজ শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশজুড়ে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ার খোকসায় বাস ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন, যশোরের রূপদিয়ায় ত্রিমুখী সংঘর্ষে ৩ জন, দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন এবং গাজীপুরের কালিয়াকৈরে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন।

কুষ্টিয়ায় বাস উল্টে পুকুরে, নিহত ৫
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের (বগুড়া ড ১১-২৭০৩) সাথে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৩ ০০৯৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে উল্টে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, কাভার্ড ভ্যানে আগুন
যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- ঘুনী পূর্বপাড়ার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়ার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের আনোর আলী (৭০)। আহত সৌভিক সাহা (৪) ও সাজ্জাদ হোসেনকে (২৮) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী ইজিবাইকসহ অপর একটি যানবাহনের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও বৃষ্টি সাহার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোর আলীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করে ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নুরপুর এলাকার আলামিন (১৫), মগলিছপুর এলাকার সৈকত (১৬) এবং কশিগাড়ী আফসারাবাদ কলোনির কাইয়ুম (২০)।

পুলিশ জানায়, সকালে একই মোটরসাইকেলে করে তিন আরোহী একটি লোকাল সড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় দিনাজপুর অভিমুখী একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-২৫৫৯) সাথে মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কের ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকের হেলপার সাব্বির হোসেন শাওনকে (২৬) আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

কালিয়াকৈরে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া ও গোয়ালবাতান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ব্রিজের ওপর বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ ও উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সাথে হা-মীম গ্রুপের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের আসনে থাকা এক ব্যক্তি নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হলে কোনাবাড়ী-নাওজোড় হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানবাহন দুটি সরিয়ে নেয়।

কোনাবাড়ী-নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় চালকদের আরও সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ।