স্টাফ রিপোর্টার।।
খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) এক রায়ে মো. আবু শাহাদাৎ ওরফে বাবুল নামের এক আসামিকে দণ্ডবিধির ৫০৬ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। জরিমানা অনাদায়ে তাকে ২৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গত ৭ মে ২০২৬ তারিখে আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিম এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও রায় সূত্রে জানা গেছে, খুলনা তেরখাদা এলাকার মো. আবুল বাশারের ছেলে মো. আবু শাহাদাৎ ওরফে বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত নন-জিআর ১৯৯/২৩ নম্বর মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই আদেশ দেন। মামলার অভিযোগকারী (এজাহারকারী) মাসুমা আক্তার।
রায়ে উল্লেখ করা হয়, আসামি পক্ষকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। জরিমানার এই ৫,০০০ (পাঁচ হাজার) টাকা আদায় সাপেক্ষে মামলার এজাহারকারী মাসুমা আক্তারকে প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত।
একই সাথে, অত্র রায়ের অনুলিপি পরবর্তী অবগতি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর প্রেরণের আদেশ দেওয়া হয়েছে।











































