Home খেলাধুলা বসুন্ধরা স্পোর্টস সিটিতে বসছে ‘ক্যাডেটস স্কোয়াশ লিগ ২০২৬’-এর দ্বিতীয় আসর

বসুন্ধরা স্পোর্টস সিটিতে বসছে ‘ক্যাডেটস স্কোয়াশ লিগ ২০২৬’-এর দ্বিতীয় আসর

3

স্পোর্টস ডেস্ক।।

আগামী ২২ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যাডেটস স্কোয়াশ লিগ ২০২৬, সিজন ২’।

দিনব্যাপী জমকালো এই প্রতিযোগিতায় দেশের ১২টি ক্যাডেট কলেজের প্রায় ৫০ জন সাবেক ক্যাডেট (শিক্ষার্থী) অংশ নেবেন। এবারের আসরের অন্যতম প্রধান আকর্ষণ হলো, ছেলের পাশাপাশি সাবেক নারী ক্যাডেটরাও এই প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করবেন। আগামী ২২ মে সকাল নয়টা থেকে টুর্নামেন্টের খেলাগুলো শুরু হবে।

এরপর বেলা এগারোটায় আয়োজন করা হয়েছে একটি সংবাদ সম্মেলন, যেখানে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরা হবে। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিকেল পাঁচটায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর এই প্রতিযোগিতার প্রথম আসরটি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার খেলোয়াড়দের ব্যাপক সাড়া পাওয়ায় অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

ফলে আরও বড় পরিসরে ও উৎসবমুখর পরিবেশে সিজন-২ আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করছে ‘ক্যাডেট স্কোয়াশ ফ্রেটারনিটি’। দ্বিতীয় আসরের ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটি এবং টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মার্কস মেডিকেল কলেজ।

সংশ্লিষ্টদের মতে, ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি শুধু একটি খেলার মঞ্চ নয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা একদিকে যেমন প্রতিযোগিতাপূর্ণ স্কোয়াশের মাধ্যমে নিজেদের ফিটনেস ও খেলার মান প্রমাণের সুযোগ পাবেন, অন্যদিকে ক্যাডেট জীবনে অর্জিত শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যের চর্চাও আরও সুদৃঢ় হবে। দেশের ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠানভিত্তিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.) এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘খেলাধুলার মাধ্যমে নির্মল আনন্দ উপভোগ করার পাশাপাশি অত্যন্ত মেধাবী ও চৌকস ক্যাডেটরা আগামীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন। কর্মক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি তারা বাংলাদেশে প্রায় মৃতপ্রায় স্কোয়াশ খেলার প্রচার ও প্রসারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।’