স্পোর্টস ডেস্ক।।
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাও। মঙ্গলবার (১৯ মে) ঘোষণা করা বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন দুই ভাই লিয়েন্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা।
মাত্র দুই লাখের কম জনসংখ্যার দেশ কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অ্যাস্টন ভিলার সাবেক মিডফিল্ডার লিয়েন্দ্রো বাকুনা দলটিকে নেতৃত্ব দেবেন। তিনি এখন তুরস্কের দ্বিতীয় স্তরের দল ইগদির এফকেতে খেলছেন। তার ছোট ভাই জুনিও বাকুনাও বিশ্বকাপ দলে আছেন।
২৮ বছর বয়সী জুনিও খেলেন ডাচ ক্লাব ভলেনডাকেমে। এ ছাড়া বিশ্বকাপ দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একাডেমি খেলোয়াড় তাহিথ চংও। ২৬ বছর বয়সী চং নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেলেছিলেন। গত আগস্টে তিনি কুরাসাওয়ের নাগরিকত্ব নেন।
বর্তমানে ক্লাব ফুটবলে খেলেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ‘ই’ গ্রুপে থাকা কুরাসাও বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন জার্মানির বিপক্ষে। একই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট।
কুরাসাওয়ের পূর্ণাঙ্গ বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: টাইরিক বোডাক, ট্রেভর ডুরনবুশ, এলয় রুম।
ডিফেন্ডার: রিশেডলি বাজোয়ের, জশুয়া ব্রেনেট, রোশন ভ্যান ইজমা, শেরেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, জুরিয়েন গারি, আরমান্ডো ওবিস্পো, শুরান্ডি সাম্বো।
মিডফিল্ডার: জুনিও বাকুনা, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, কেভিন ফেলিডা, আর’জানি মার্থা, টাইরেস নোসলিন, গডফ্রেড রোমেরাথু।
ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে, তাহিথ চং, কেঞ্জি গোরি, সন্টজে হ্যানসেন, জার্ভেন কাস্তানির, ব্র্যান্ডলি কুয়াস, ইয়ুর্গেন লোকাডিয়া, জের্ল মার্গারিটা।











































