Home আঞ্চলিক ঝুঁকিপূর্ণ পোল মেরামতে স্বস্তি ফিরছে নগরীতে

ঝুঁকিপূর্ণ পোল মেরামতে স্বস্তি ফিরছে নগরীতে

28


স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডে ইব্রাহিমিয়া এতিমখানা ও দাখিল মাদ্রাসার সামনে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি পোলের মেরামত করছে খুলনা সিটি করপোরেশন। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পোলটির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল। পোলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। বিশেষ করে ইব্রাহিমিয়া এতিমখানা ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতের কারণে এলাকাবাসীর উদ্বেগ আরও বাড়ছিল। প্রতিদিন শত শত মানুষ ওই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন সমস্যাটির স্থায়ী সমাধান হয়নি।


পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলে নজরুল ইসলাম মঞ্জু-এর নির্দেশনায় দ্রুত মেরামত করা হয়। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসার দাবিদার। স্থানীয় এক বাসিন্দা জানান, “পোলটির অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাচল করতে হতো। এখন কাজ শুরু হওয়ায় আমরা অনেকটাই স্বস্তি অনুভব করছি।”


শিক্ষার্থীদের অভিভাবকরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতিমখানা ও মাদ্রাসার সামনে ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কার হওয়ায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে।


স্থানীয়দের আশা, মেরামত কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং নিরাপদ চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি নগরীর অন্যান্য ঝুঁকিপূর্ণ অবকাঠামোর প্রতিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একইভাবে নজর দেবে বলেও প্রত্যাশা তাদের।