বিনোদন প্রতিবেদক
অ্যাকশন, থ্রিল ও সামাজিক বার্তাভিত্তিক নতুন টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’ নিয়ে আসছেন নির্মাতা শাহবাজ খান। সম্প্রতি প্রকাশিত হয়েছে টেলিফিল্মটির অফিসিয়াল পোস্টার, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
পোস্টারে নগরজীবনের অস্থিরতা, সংঘাত ও প্রতিশোধের আবহ ফুটে উঠেছে ভিন্নমাত্রায়। বিশেষ করে “কিছু লড়াই জয় করার জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য” — এই স্লোগানটি টেলিফিল্মটির মূল বার্তাকে সামনে নিয়ে এসেছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, টেলিফিল্মটিতে সমাজের অন্যায় ও অপরাধের বিরুদ্ধে একজন মানুষের লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। নগরকেন্দ্রিক কাহিনিতে অপরাধজগতের নানা দিক এবং প্রতিশোধের নাটকীয় যাত্রা দেখানো হবে অ্যাকশন ও আবেগঘন উপস্থাপনায়।
টেলিফিল্মটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন শাহবাজ খান। চিত্রগ্রহণ করেছেন সাজেদুর রহমান এবং সম্পাদনায় ছিলেন জাকির হোসেন। সংগীত পরিচালনা করেছে ব্ল্যাক স্ক্রিন।
নির্মাতা শাহবাজ খান বলেন, “দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কাজ করার চেষ্টা করেছি। শুধু প্রতিশোধ নয়, এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বার্তাও রয়েছে।”
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই একটি অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিফিল্মটি মুক্তি পাবে।











































