Home জাতীয় তালিকায় বিতর্কিত কর্মকর্তাদের নাম: পুলিশ পদক স্থগিত

তালিকায় বিতর্কিত কর্মকর্তাদের নাম: পুলিশ পদক স্থগিত

6


ঢাকা অফিস।।

বিতর্কিত ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের নাম থাকায় এ বছর পুলিশ সপ্তাহে পুলিশ পদক আর দেয়া হচ্ছে না। এ বছর পদকের জন্য মনোনীত করা হয় ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে। পদকের তালিকায় যে সব পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে ১১ জনই আওয়ামী আমলে পদক পাওয়া। এদের মধ্যে একজন বিগত ফ্যাসিস্ট আমলে দু’বার পদক পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর সূত্রে এ সব তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে গত রাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ইনকিলাবকে বলেন, পুলিশ সপ্তাহে পুলিশ পদক স্থগিত রাখার বিষয়টি পুলিশের জন্য অসম্মানের। পদক কমিটির প্রধান করা হয় এমন একজন কর্মকর্তাকে যার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে পদক কমিটি করায় পুরো পুলিশ বাহিনীকে এ অসম্মানের ভাগিদার হতে হয়েছে। এ বিষয়ে তদন্ত করে সরকারের ব্যবস্থা গ্রহন করা উচিত বলে ওই কর্মকর্তারা মন্তব্য করেন।

সূত্র জানায়, পুলিশে সাহসিকতা, কর্মদক্ষতা এবং সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে সাধারণত ‘পুলিশ পদক’ দেওয়া হয়। অত্যন্ত সম্মানজনক এই পদকটি পাওয়ার কথা চৌকষ পুলিশ সদস্যদের। কাজের স্বীকৃতি ও কর্মস্পৃহা বাড়াতেই এই পদক দেওয়া হয়। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ পদকের মূল মানদ- ছিল ‘দলীয় আনুগত্য’। তখন পদকের মাধ্যমে আওয়ামীপন্থি পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হতো। ফলে অনেক যোগ্য চৌকষ কর্মকর্তা বছরের পর বছর পদক পাওয়া থেকে বঞ্চিত থেকেছেন।

অপূর্ণতা নিয়েই অবসরে চলে গেছেন পেশাদার ও বিএনপি ঘরানার অনেক পুলিশ সদস্য। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে বড় ধাক্কা লেগেছে। আমূল পরিবর্তন এসেছে পুলিশের নেতৃত্বে। তবে পুলিশ পদকের সেই পুরোনো বিতর্ক এখনো রয়েই গেছে। পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, বিগত সময়ে পুলিশ পদক নিয়ে যা হয়েছে তা নজিরবিহীন। পুলিশে এখনো যদি আগের ধারা অব্যাহত থাকে তা দুঃখজনক। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। প্রকৃত যোগ্য কর্মকর্তাদেরই পদক দেওয়া উচিত।