স্টাফ রিপোর্টার।।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলায় পৃথক ঘটনায় কুপিয়ে হত্যা ও হামলার ঘটনা ঘটেছে। যশোরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে সাতক্ষীরায় এক যুবকের মরদেহ মাছের ঘের থেকে উদ্ধার করা হয়েছে। নড়াইলে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন এক সাবেক ইউপি সদস্য।
যশোরে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আনিছুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী নাহিদা ইসলাম। মামলায় দুইজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত দু-তিনজনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুয়াখোলা গ্রামের পীরবাড়ী মসজিদের সামনে নিজের নির্মাণাধীন ভবন “আনিছ ট্রেড ভ্যালি”-তে ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন আনিছুর রহমান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রধারীরা সেখানে প্রবেশ করে। একপর্যায়ে শাহ মো. মাহমুদ নামে এক ব্যক্তি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মুখে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ছড়িয়ে পড়া ৪৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভিডিওতে হামলার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। তিনি নওয়াপাড়ার একজন পরিচিত ব্যবসায়ী এবং আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার নওয়াপাড়ার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন। জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।
সাতক্ষীরায় মাছের ঘেরে যুবকের মরদেহ
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে শনিবার সকালে একটি মাছের ঘের থেকে জিন্নাত আলী (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়রা ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত জিন্নাত আলী স্থানীয় মোহর আলী সরদারের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ পানিতে ফেলে রেখে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়া উপজেলায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৭টার দিকে রাইপাশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর সিরাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।











































