ঢাকা অফিস।।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদীর সঙ্গে এক বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপ ও কূটনীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সংকটটির শান্তিপূর্ণ ও দ্রুত অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সুলতান হাইথাম বিন তারিককে আন্তরিক ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী রহমান ওমানে সাত লক্ষেরও বেশি বাংলাদেশিকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির দৈনন্দিন জীবন ও অগ্রগতিতে বাংলাদেশিদের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। উভয় পক্ষ ঔষধশিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর সরবরাহ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বৃহত্তর দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা নিয়ে মতবিনিময় করে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ওমানি পররাষ্ট্র মন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।










































