স্টাফ রিপোর্টার।।
খুলনার পাইকগাছায় সুখেন সরদার হত্যা মামলায় প্রকাশ সরদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত প্রকাশ সরদার উপজেলার খড়িয়া ধরেঙ্গা চর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ মার্চ উপজেলার একটি চিংড়ি খামারের পাশ থেকে সুখেন সরদারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা অমেলা রানী সরদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাইকগাছা থানায় মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রকাশ সরদার ও তার স্ত্রী রূপা সরদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
খুলনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, “দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রকাশ সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রকাশ সরদারের স্ত্রী রূপা সরদারকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।”










































