স্টাফ রিপোর্টার।।
খুলনার খালিশপুর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. ইব্রাহিম শেখ (৪০)। এ ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মো. ইব্রাহিম শেখ খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের আবুল কাশের শেখের ছেলে।
জিডি সূত্রে জানা গেছে, ‘৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খালিশপুরের জোড়া গেট এলাকায় যান ইব্রাহিম শেখ। এরপর থেকে তার খোঁজ মিলছে না। এর মধ্যে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।’
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে খালিশপুর থানায় একটি জিডি করেন তার ছোট ভাই ইউসুফ আলী।
ইউসুফ আলী বলেন, ‘ইব্রাহিম শেখ মানসিকভাবে কিছুটা দুর্বল। এর আগে একাধিকবার হারিয়ে গেলেও পরে ফিরে আসেন। এবার ১৫ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাইনি।’
জিডির সত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, নিখোঁজের সন্ধানে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। কেউ ইব্রাহিম শেখের সন্ধান পেলে (01778183343) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন স্বজনেরা।











































