বিনোদন ডেস্ক।।
ভারতের সিনেমার ইন্ডাস্ট্রিগুলোতে যৌন হয়রানি বা কাস্টিং কাউচ প্রসঙ্গে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। তার এক সাক্ষাৎকারের বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হানসিকাকে প্রশ্ন করা হয়, ক্যারিয়ারের শুরু থেকে কাজ করতে গিয়ে কখনও ‘কাস্টিং কাউচ’-এর মতো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কি না।
জবাবে অভিনেত্রী জানান, তার জীবনে এমন কোনও অভিজ্ঞতা হয়নি। এরপরই তিনি বলেন, ‘যারা শুধুই কাজ করতে আসেন, তাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে না। আমি কাজ করতেই এসেছিলাম, তাই আমার সঙ্গে হয়নি।’

এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন, হানসিকা এই বক্তব্যে পরোক্ষভাবে অন্যদের অভিজ্ঞতাকে খাটো করা হয়েছে। সঞ্চালক বিষয়টি তুলে ধরে জানতে চাইলে, অন্যদের অভিজ্ঞতা সম্পর্কে তার মত কী—সে প্রশ্নে হানসিকা বলেন, ‘আমার সঙ্গে যা হয়নি, তা নিয়ে আমি মন্তব্য করতে পারব না।’
সাক্ষাৎকারের এই অংশটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনদের একাংশের দাবি, একজন নারী হয়ে এমন মন্তব্য করা সংবেদনশীলতার অভাবের পরিচয়। কেউ কেউ কটাক্ষ করে বলেন, নিজের অভিজ্ঞতা না থাকলেই কোনও সমস্যার অস্তিত্ব অস্বীকার করা যায় না।
তবে বিতর্ক ঘিরে এখনও পর্যন্ত প্রকাশ্যে আর কোনও প্রতিক্রিয়া জানাননি হানসিকা। তার এই মন্তব্য ঘিরে বিনোদন জগতে ‘কাস্টিং কাউচ’ ইস্যুটি নতুন করে আলোচনায় উঠে এসেছে।










































