স্টাফ রিপোর্টার।।
শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগিয়ে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুনাম অর্জনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে খুলনা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে মেধার সঠিক বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে হুইপ বকুল বলেন, খুলনা সরকারি মহিলা কলেজ-কে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা হবে। নতুন একাডেমিক ভবন, আধুনিক ক্যাম্পাস ও হোস্টেল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়-এর স্থাপত্য বিভাগের বিশেষজ্ঞদের মাধ্যমে আধুনিক ডিজাইনে নির্মাণ কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজ-এর অধ্যক্ষ সাইফুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফ্ফার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. রেজাউল করিম, প্রফেসর শেখ আইরিন মুজিব ও প্রফেসর মো. রবিউল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে হুইপ বকুল শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
একই দিনে বিকেল সাড়ে ৫টায় তিনি নগরীর জিয়া মাধ্যমিক বিদ্যালয়-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।











































