Home খেলাধুলা ‘যেখানে বাংলাদেশের রক্ত, সেখানেই আমাদের স্কাউট’

‘যেখানে বাংলাদেশের রক্ত, সেখানেই আমাদের স্কাউট’

4

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী কিংবা সমিৎ সোমদের দেখার স্বপ্ন দেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইউরোপের বিভিন্ন লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারদের নিয়ে সমর্থকদের উন্মাদনার কমতি নেই।

ফ্যানদের এই আকাঙ্ক্ষা এবং দলের ট্যাকটিক্যাল চাহিদা পূরণে এবার মেগা প্রজেক্ট হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশে ও দেশের বাইরে ছড়িয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করতে প্রথমবারের মতো একটি বিশেষ স্কাউটিং টিম গঠন করেছে ফেডারেশন।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রবাসী ফুটবলারদের নিয়ে ফেডারেশনের এই বড় পরিকল্পনার কথা জানিয়েছেন।

জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে তিনি সুস্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ‘পৃথিবীর যেখানে বাংলাদেশের রক্ত আছে, সেখানে আমাদের স্কাউটরা পৌঁছাবে। তবে শুধু প্রবাসী খেলোয়াড়দের ওপরই নির্ভর করতে চায় না বাফুফে। স্থানীয় ফুটবলারদের উন্নতি এবং পাইপলাইনের কাজও সমানতালে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তাবিথ আউয়াল।’

ঘরোয়া লিগের মান ও অবকাঠামো নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘সত্যি বলতে আমাদের লিগের মান আরও উন্নত করা জরুরি। একটা সহজ তথ্য দিই, অরিজিন প্লেয়ার হোক, বিদেশি লিগে খেলা কেউ হোক, কিংবা দেশীয় লিগের খেলোয়াড় হোক, সবার ব্যক্তিগত সেরা পারফরম্যান্স এসেছে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে ম্যাচগুলোতে। এর মানে আমাদের প্রতিভার কোনো ঘাটতি নেই। কিন্তু দুর্বল অবকাঠামো ও অনুন্নত সুবিধার কারণে সেই প্রতিভা নিজেদের মেলে ধরার যথেষ্ট সুযোগ পাচ্ছে না।’

ইউরোপ, উত্তর আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যেসব বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বিভিন্ন বয়সভিত্তিক বা পেশাদার লিগে খেলছেন, তাদেরকে বাফুফের এই নতুন স্কাউটিং প্রক্রিয়ার আওতায় আনা হবে বলে জানা গেছে।

বাফুফের বর্তমান কমিটির প্রায় দেড় বছরের পথচলায় স্কাউটিং টিম গঠনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শুধু প্রবাসী ফুটবলার খোঁজাই নয়, জুনে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ঐতিহাসিক ম্যাচ খেলার প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ।

দেশের ফুটবল ও ম্যানেজমেন্টকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার যে ভিশন বাফুফে নিয়েছে, বৈশ্বিক স্কাউটিংয়ের মাধ্যমে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি সেই রূপান্তরের পথে একটি বড় প্রভাবক হতে যাচ্ছে।