স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সুজন সরকার ও ফয়সালকে গ্রেপ্তার করেছে র্যাব ও গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাহিনী দুটির পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সুজনের দেওয়া তথ্যে দুটি অস্ত্র ও বেশকিছু গুলি উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তার ফয়সাল খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের অন্যতম সহযোগী। তার বাবার নাম আলিমুজ্জামান, নগরীর টুটপাগা ওয়েস্ট সার্কুলার রোডে তাদের বাড়ি।
অন্যদিকে সুজন সরকার আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোডের বাসিন্দা মো. দুলাল সরকারের ছেলে। সুজনের বিরুদ্ধে একটি হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।
র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে খুলনার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে একটি দেশীয় শর্টগান, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং দুই রাউন্ড ৭ দশমিক ৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, নূর আজিম গ্রেপ্তার হওয়ার পর তার অবর্তমানে ফয়সাল বাহিনীর দায়িত্ব নিয়ে কাজ করছিল। শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।











































