মিলি রহমান।।
ডিমেনশিয়া ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উচ্চমানের উদ্ভিদ-সমৃদ্ধ খাবার। নতুন এক গবেষণায় দেখা গেছে, আস্ত দানা শস্য, শাকসবজি ও ফলমূল বেশি খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে।
এমনকি ৫০ বা ৬০ বছরের পরও এই ধরনের খাদ্যাভ্যাস শুরু করলেও উপকার পাওয়া যায়। { ডিমেনশিয়া (Dementia) বা চিত্তভ্রংশ হলো মস্তিষ্কের বিভিন্ন রোগের কারণে সৃষ্ট উপসর্গ, যা স্মৃতিশক্তি, চিন্তাশক্তি, আচরণ এবং দৈনন্দিন কাজের ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয়। এর মূল লক্ষণগুলো হলো ভুলে যাওয়া, ভাষা বুঝতে সমস্যা, মেজাজের পরিবর্তন এবং সিদ্ধান্ত নিতে না পারা।}
গবেষণায় দেখা গেছে, যেসব বয়স্ক ব্যক্তি ১০ বছরের মধ্যে তাদের খাদ্যতালিকা থেকে অস্বাস্থ্যকর খাবার কমিয়েছেন, তাদের আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি অপরিবর্তিত খাদ্যাভ্যাসের ব্যক্তিদের তুলনায় ১১ শতাংশ কম ছিল। অন্যদিকে, যারা বেশি পরিমাণে রিফাইন করা শস্য ও অতিরিক্ত চিনিযুক্ত অস্বাস্থ্যকর উদ্ভিদজাত খাবার খেয়েছেন, তাদের ডিমেনশিয়ার ঝুঁকি প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
এই গবেষণায় প্রায় ৯৩ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যাদের গড় বয়স ছিল ৫৯ বছর। অংশগ্রহণকারীরা বিভিন্ন জাতিগোষ্ঠীর ছিলেন। শুরুতে তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে তথ্য নেওয়া হয় এবং ১০ বছর পর একটি অংশের কাছ থেকে আবার তথ্য সংগ্রহ করা হয়।
গবেষকরা খাদ্যাভ্যাসকে তিনটি স্তরে ভাগ করেছেন। সর্বনিম্ন স্তরে ছিল প্রাণিজ চর্বি, দুগ্ধজাত খাবার, ডিম, সামুদ্রিক খাবার ও মাংস।
দ্বিতীয় স্তরে ছিল কম স্বাস্থ্যকর উদ্ভিদজাত খাবার, যেমন রিফাইন করা শস্য, ফলের রস, আলু ও যোগ করা চিনি। আর সর্বোচ্চ স্তরে ছিল স্বাস্থ্যকর উদ্ভিদজাত খাবার—আস্ত দানা শস্য, ফলমূল, শাকসবজি, উদ্ভিজ্জ তেল, বাদাম, লেবুজাতীয় খাবার, চা ও কফি। বিশ্লেষণে দেখা যায়, যারা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর উদ্ভিদজাত খাবার খেয়েছেন, তাদের ডিমেনশিয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ৭ শতাংশ কম। বিপরীতে, যারা বেশি অস্বাস্থ্যকর উদ্ভিদজাত খাবার খেয়েছেন, তাদের ঝুঁকি ৬ শতাংশ বেশি।
গবেষণায় আরও বলা হয়েছে, আলুতে থাকা উচ্চমাত্রার স্টার্চ দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। একইভাবে ফলের রস রক্তে দ্রুত ফ্রুক্টোজ বাড়ায়, যেখানে পুরো ফলের ফাইবার এই প্রক্রিয়াকে ধীর করে।
স্বাস্থ্যকর উদ্ভিদ-ভিত্তিক খাদ্য ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের মতো বিপাকীয় ঝুঁকি ৬৮ শতাংশ পর্যন্ত কমাতে পারে। বিপরীতে, অস্বাস্থ্যকর উদ্ভিদজাত খাবার এই ঝুঁকি ৬৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। এ ছাড়া, লাল মাংস কম খাওয়া এবং আস্ত দানা শস্য, লেবুজাতীয় খাবার ও বিভিন্ন রঙের ফল ও শাকসবজি বেশি খাওয়া কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি কমায়। একই ধরনের খাদ্যাভ্যাস টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ২৪ শতাংশ কমাতে সাহায্য করে এবং শরীরের ওজন ও কোমরের মাপ নিয়ন্ত্রণে রাখে।
গবেষণায় দীর্ঘায়ুর সঙ্গেও স্বাস্থ্যকর উদ্ভিদ-ভিত্তিক খাদ্যের সম্পর্ক পাওয়া গেছে। ২০২৩ সালে ‘ইএটি-ল্যানসেট কমিশন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফল, শাকসবজি ও আস্ত দানা শস্যসমৃদ্ধ খাদ্যাভ্যাস অনুসরণ করলে অকাল মৃত্যুর ঝুঁকি প্রায় এক-তৃতীয়াংশ কমে যেতে পারে এবং একই সঙ্গে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমে।
গবেষণার প্রধান সং-ই পার্ক বলেন, ‘বয়স্ক বয়সেও স্বাস্থ্যকর উদ্ভিদ-ভিত্তিক খাদ্যাভ্যাস গ্রহণ এবং নিম্নমানের উদ্ভিদজাত খাবার এড়িয়ে চললে আলঝেইমার ও অন্যান্য ডিমেনশিয়ার ঝুঁকি কমানো সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, শুধু উদ্ভিদ-ভিত্তিক খাবার খাওয়াই নয়, তার মান নিশ্চিত করাও জরুরি।’
হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডক্টর ওয়াল্টার উইলেট বলেন, ’প্ল্যানেটারি হেলথ ডায়েট মেনে চললে মৃত্যুর প্রধান কারণগুলোর ঝুঁকি কমে। মানবস্বাস্থ্য ও পরিবেশগত স্থায়িত্ব একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
প্রতিরোধমূলক ও জীবনধারা চিকিৎসা বিশেষজ্ঞ ডক্টর ডেভিড কাটজ বলেন, ‘উদ্ভিদ-প্রধান ও উচ্চমানের খাদ্যতালিকা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।’
যুক্তরাষ্ট্রের হনোলুলুর ইউনিভার্সিটি অব হাওয়াই ক্যান্সার সেন্টারের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক উনহি লিম জানান, ’আলঝেইমার ও সংশ্লিষ্ট ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুরু করার জন্য কখনোই দেরি হয় না।’











































