Home খেলাধুলা বিশ্বকাপ শুরুর আগেই যে রেকর্ড গড়ল আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগেই যে রেকর্ড গড়ল আর্জেন্টিনা-ব্রাজিল

3

স্পোর্টস ডেস্ক।।

ফুটবল বিশ্বকাপে প্রতিবারই মূল আকর্ষণ হিসেবে থাকে দুই দেশ— আর্জেন্টিনা ও ব্রাজিল। যথাক্রমে তিনবার ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘিরে প্রত্যাশা এবং দর্শকদের সমর্থন বরাবরের মতোই থাকে তুঙ্গে। আসন্ন আসরও এর ব্যতিক্রম নয়। এবার টুর্নামেন্ট শুরুর আগেই এই দুই দেশ গড়েছে ভিন্ন এক রেকর্ড।

আসন্ন বিশ্বকাপের জন্য রেকর্ডসংখ্যক ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই দেশ থেকেই সর্বোচ্চ ৯ জন করে প্রতিনিধি থাকছেন, যা এবারই প্রথম ঘটতে যাচ্ছে।

আর্জেন্টিনা থেকে তিনজন প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেল্লো, দারিও হেরেরা ও ইয়ায়েল ফ্যালকন পেরেজ। তাদের সঙ্গে থাকবেন কয়েকজন সহকারী রেফারি ও একজন ভিএআর কর্মকর্তা। এর মধ্যে ফাকুন্দো তেল্লো আগে ২০২২ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে ব্রাজিল থেকেও তিনজন প্রধান রেফারি হিসেবে থাকছেন রামোন আবাত্তি আবেল, উইল্টন পেরেইরা সাম্পাইয়ো এবং রাফায়েল ক্লাউস। এছাড়া সহকারী ও ভিএআর মিলিয়ে আরও কয়েকজন ব্রাজিলিয়ান অফিশিয়াল যুক্ত হয়েছেন।
আয়োজক দেশ যুক্তরাষ্ট্র থেকে ৮ জন এবং মেক্সিকো ও ফ্রান্স থেকে ৭ জন করে ম্যাচ অফিশিয়াল রয়েছেন। সব মিলিয়ে ৫০টি দেশের ৫২ জন প্রধান রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিএআর অফিশিয়াল নির্বাচিত হয়েছেন, যা আগের আসরের তুলনায় ৪১ জন বেশি।

ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইগি কোলিনা বলেন, নির্বাচিতরা দীর্ঘ তিন বছরের পর্যবেক্ষণ, প্রশিক্ষণ ও বিভিন্ন টুর্নামেন্টে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে বিশেষ কোচ, মেডিকেল টিম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ’এবারের বিশ্বকাপ হবে সবচেয়ে বড় আয়োজন, যেখানে মোট ৪৮ দল অংশ নেবে এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি নারী রেফারিদের অংশগ্রহণও অব্যাহত থাকবে। এছাড়া রেফারি বডি ক্যামেরার পর এবার এআই-চালিত ভিডিও স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে দর্শকরা মাঠের ঘটনা আরও পরিষ্কারভাবে দেখতে পারেন।’