Home আঞ্চলিক খুলনায় ট্যাংক লরি থেকে অকটেন চুরির সময় ৫ জন আটক, জরিমানা

খুলনায় ট্যাংক লরি থেকে অকটেন চুরির সময় ৫ জন আটক, জরিমানা

13

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায় ট্যাংক লরি থেকে অকটেন চুরির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করেছে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা ২৮ মিনিটের দিকে পদ্মা ডিপো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্যাংক লরি (নং- খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে ড্রামে অকটেন চুরি করার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মা ফিলিং স্টেশন, ভায়নার মোড়, মাগুরার ম্যানেজার রানা (৩৪), এসিস্ট্যান্ট হেল্পার সম্রাট (১৬), হেল্পার মিন্টি (৩৮), বিল্লাল (৪০) এবং ড্রাইভার ইমরান (৩৬)। তারা সবাই খুলনার কাশিপুর এলাকার বাসিন্দা।

অভিযানে দেখা যায়, ম্যানেজার রানার নির্দেশে অন্যরা মিলে ট্যাংক লরি থেকে ড্রামে অকটেন সরিয়ে নিচ্ছিলেন। এ সময় এনএসআই সদস্যরা ঘটনাস্থলেই তাদের আটক করেন।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারায় অভিযুক্ত পাঁচজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।