Home আঞ্চলিক পিরোজপুরে পিস্তল ও গুলিসহ আটক ১

পিরোজপুরে পিস্তল ও গুলিসহ আটক ১

3

পিরোজপুর প্রতিনিধি।।

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পিস্তল ও গুলিসহ মো. রফিকুল ইসলাম সম্রাট (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ধাওয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সম্রাট ধাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, প্রতিবেশী মৃত আব্দুর রশিদ সর্দারের ছেলে আলমগীর হোসেন সর্দারের (৬৫) সঙ্গে জমিজমার সীমানা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটি হয় সম্রাটের।

একপর্যায়ে তিনি তার কাছে থাকা ৯ এমএম পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির সময় সম্রাট পিস্তলের বাট দিয়ে আলমগীরকে আঘাত করলে তিনি আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর আলমগীর হোসেনের মেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রফিকুল ইসলাম সম্রাটকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি লাইসেন্সকৃত ৯ এমএম পিস্তল, একটি গুলি, দুটি ম্যাগাজিন এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ’জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ঘটনায় আহত আলমগীর হোসেন বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে ‘