স্টাফ রিপোর্টার।।
খুলনায় চকোলেটের প্রলোভনে ১১ বছরের এক শিশুকে বলাৎকারের দায়ে সিয়াম হোসেন কাজল (২০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত সিয়াম আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত সিয়াম সোনাডাঙ্গা মডেল থানার শিববাড়ি মোড় পালপাড়া এলাকার বাসিন্দা শেখ আবুল ফজল বাবলুর ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আাদলতের বেঞ্চ সহকারী মুহাম্মদ আকরাম হোসেন।
আদালত সূত্র জানায়, ’গত বছরের ১৩ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ইব্রাহীম মিয়া রোডে ১১ বছরের এক ছেলে পালপাড়া মাঠে খেলতে যায়। ওই সময় দণ্ডপ্রাপ্ত সিয়াম তাকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে মাঠের পশ্চিম পাশের প্রাচীরের আড়ালে নিয়ে বলাৎকার করে।’
বিষয়টি জানতে পেরে ওই বছরের ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সিয়ামকে অভিযুক্ত করে সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পরে সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরিদুর রেজা একই বছরের ৩১ অক্টোবর কাজলকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। সকল সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।









































