Home আঞ্চলিক নগরীতে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

নগরীতে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

8

স্টাফ রিপোর্টার।।

খুলনায় অস্ত্র আইনে দায়ের করা এক মামলায় মো. সাহিদুল ইসলাম ওরফে মকমল (২৩) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সাহিদুল ইসলাম খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা নিজাম মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার।

আদালত সূত্র জানায়, ’২০২৩ সালের ১ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি দল ফুলতলা এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পয়গ্রাম ইউনিয়নের ফুলতলা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে রবিউল ইসলাম মনুর বাড়ির সামনে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছে।’

রাত ১১টার দিকে সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাহিদুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হলে তার ডান হাতে থাকা একটি ব্যাগ থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ছিল লোহা ও কাঠের তৈরি দুই নলা বন্দুক।

এ ঘটনায় ওই দিন রাতেই র‌্যাবের ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম একই বছরের ৭ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।