Home Lead দশটাকায় শীতল পানীয় শরবত না বিষ!

দশটাকায় শীতল পানীয় শরবত না বিষ!

22

শাহ্ তানভীর আহমেদ।।

তীব্র দাবদাহে এক গ্লাস ঠাণ্ডা শরবত যেন স্বস্তির নাম। কিন্তু সেই শরবতই যদি হয়ে ওঠে নীরব বিষ-তাহলে? খুলনা নগরীর বিভিন্ন ফুটপাতে বিক্রি হওয়া স্বল্পমূল্যের শরবত নিয়ে দেখা দিয়েছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি।

গরম বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর অলিগলি, সড়কপাশ ও ব্যস্ত এলাকাগুলোতে গড়ে উঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ শরবতের দোকান। মাত্র ১০ থেকে ১৫ টাকায় লেবুর শরবত বা বিভিন্ন স্বাদের ঠাণ্ডা পানীয় কিনে তৃষ্ণা মেটাচ্ছেন পথচারী, রিকশাচালক, দিনমজুর, দোকানদার এমনকি স্কুলগামী শিশুরাও। তবে এই সাময়িক প্রশান্তির আড়ালে লুকিয়ে আছে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি।

সরেজমিনে দেখা গেছে, এসব শরবত তৈরিতে ব্যবহৃত হচ্ছে মাছের আড়তে সংরক্ষিত বরফ-যা মূলত খাদ্যমানের নয়। বড় বড় বরফের খণ্ড কোনো রকম স্বাস্থ্যবিধি ছাড়াই ভেঙে ফিল্টারে ঢুকানো হচ্ছে। এরপর তাতে যোগ করা হচ্ছে অপরিষ্কার পানি, খোলা হাতে দেওয়া হচ্ছে চিনি ও লবণ। কোথাও কোথাও লেবুর রস বা ‘ইস্পি’ নামের ইনস্ট্যান্ট পাউডার মিশিয়ে পরিবেশন করা হচ্ছে পানীয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একই গ্লাস একাধিক গ্রাহক ব্যবহার করছেন। একবার ব্যবহারের পর পাশের একটি ছোট বালতির ময়লা পানিতে গ্লাস ধুয়ে আবার ব্যবহার করা হচ্ছে। এতে সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা বহুগুণ বেড়ে যাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অস্বাস্থ্যকর পানীয় থেকে ডায়রিয়া, আমাশয়, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। একই গ্লাস ব্যবহারের ফলে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাসও সহজেই ছড়িয়ে পড়তে পারে।

এদিকে অনেকেই ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও তীব্র গরমে তৃষ্ণা মেটাতে বাধ্য হয়ে এসব পানীয় পান করছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষদের কাছে স্বল্পমূল্যের এই শরবত সহজলভ্য হওয়ায় চাহিদাও বেশি।

সচেতন মহল বলছে, নগরীতে ভ্রাম্যমাণ খাদ্য ও পানীয় বিক্রিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের পরামর্শ, বাইরে অস্বাস্থ্যকর পানীয় এড়িয়ে চলা এবং ঘরে তৈরি নিরাপদ ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করাই হতে পারে সুস্থ থাকার একমাত্র উপায়। কারণ, সাময়িক স্বস্তির চেয়ে সুস্থ জীবন অনেক বেশি মূল্যবান।