স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি বলেছেন, খুলনার ডুমুরিয়া অঞ্চলের খালগুলো দখলমুক্ত করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, সরকার ইতোমধ্যে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে, যার সুফল জনগণ শিগগিরই পাবে।
মঙ্গলবার (১৭ মার্চ) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করে ধারাবাহিকভাবে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী প্রদানসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ।
তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই নীতিতে সরকার কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। একই সঙ্গে অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে হুইপ বলেন, এলাকায় মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে এবং কেউ যেন পার না পায় তা নিশ্চিত করা হবে।
তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং বলেন, এটাই বিএনপির মূল লক্ষ্য ও দায়িত্ব।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

উল্লেখ্য, টিয়াবুনিয়া খালের ১ দশমিক ৭০ কিলোমিটার খনন কাজে ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। প্রকল্পটি ২০২৭ সালের এপ্রিল মাসে শেষ হওয়ার কথা রয়েছে।











































