স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। ১৫ জনের স্কোয়াড নিয়ে আজ রোববার দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফুল দিয়ে পাকিস্তান দলকে বরণ করে নেয়। পরে ফেসবুক পোস্টে বিসিব লিখেছে, ‘বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ পার করবে, সেই আশা।’
আলাদা বহরে এর আগে গতকাল শনিবার ঢাকায় পা রাখেন পাকিস্তান দলের সাপোর্ট স্টাফরা। আগামী বুধবার সিরিজের প্রথম ওয়ানডে।
দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে শুক্রবার ও রোববার। তিনটি ম্যাচই হবে ঢাকা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সবশেষ ২০১৫ সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেবার মিরপুরে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।










































