স্টাফ রিপোর্টার।।
সুন্দরবনের পশ্চিম বনবিভাগে গোলপাতা আহরণের পারমিট ইস্যুতে জটিলতা ও অনিয়মের অভিযোগ উঠেছে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান-এর বিরুদ্ধে। মৌসুম প্রায় শেষের দিকে চলে এলেও এখনো গোলপাতা আহরণের পারমিট না পাওয়ায় বিপাকে পড়েছেন সুন্দরবননির্ভর বনজীবী ব্যবসায়ী বাওয়ালীরা।
জানা গেছে, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট রেঞ্জে গোলপাতা আহরণের পারমিট দ্রুত অনুমোদনের দাবিতে সুন্দরবন বনজীবী ব্যবসায়ী বাওয়ালী মালিক ফেডারেশন বিভাগীয় বন কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছে। সংগঠনের সভাপতি মীর কামরুজ্জামান (বাচ্চু) স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে নিয়ম অনুযায়ী বি.এল.সি (বোট লাইসেন্স সার্টিফিকেট) নবায়ন করা হয়েছে এবং বন বিভাগের নির্দেশনা অনুযায়ী নৌকাগুলো প্রস্তুত করতে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে।
ফেডারেশনের দাবি, খুলনা-বাগেরহাট ও সাতক্ষীরা রেঞ্জ মিলিয়ে প্রায় ৮০-৯০টি নৌকা গোলপাতা আহরণের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি নৌকার পেছনে গড়ে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৮০ লাখ টাকার বেশি। অথচ মৌসুম শুরু হওয়ার তিন মাস পার হলেও এখনো পারমিট ইস্যু হয়নি। গোলপাতার মৌসুম সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত স্থায়ী হয়। বর্তমানে মাত্র এক থেকে দেড় মাস সময় অবশিষ্ট রয়েছে। দ্রুত পারমিট না পেলে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
অভিযোগ রয়েছে, পারমিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বন কর্মকর্তা হাছানুর রহমান বনজীবীদের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এমনকি বি.এল.সি-সংক্রান্ত অর্থও গ্রহণ করা হয়েছে বলে দাবি করেছেন একাধিক বনজীবী। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বন বিভাগের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এদিকে গতকাল (১৭ ফেব্রুয়ারি) রাতে খুলনাঞ্চল থেকে বিভাগীয় বন কর্মকর্তার বক্তব্য জানতে ফোন করা হলে কেন রাতে ফোন করা হয়েছে—এমন প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন কোন ভদ্রলোক রাতে ফোন দেয় না। এছাড়া কাকে ফোন দিয়েছেন সেটাও বুঝতে হবে বলে ফোন রেথে দেন। এখানেই শেষ নয়া বন বিভাগের কর্মরত মনিরুল হক ডিয়ার নামের এক ব্যক্তি ০১৫১১-১০৪৬৩১ নম্বর থেকে খুলনাঞ্চলে ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন।
ওদিকে আবেদনে বনজীবীরা উল্লেখ করেছেন, যদি গোলপাতা আহরণে কোনো নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা থেকে থাকে, তবে তা আগে থেকেই জানানো উচিত ছিল। কারণ এসব নৌকা মৌসুমভিত্তিক গোলপাতা সংগ্রহের কাজেই ব্যবহৃত হয় এবং বিকল্প কোনো কাজে ব্যবহারযোগ্য নয়। ফেডারেশন আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে পারমিট প্রদান করে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বন বিভাগের সদয় দৃষ্টি কামনা করেছে। উল্লেখ্য, আবেদনপত্রের অনুলিপি প্রধান বন সংরক্ষক, খুলনা সার্কেলের বন সংরক্ষক এবং সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। ব্যবসায়ীদের আশা, দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হলে সুন্দরবননির্ভর শতাধিক পরিবারের জীবিকা ও আর্থিক অনিশ্চয়তা কাটবে।











































