স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর নিরালা মোড়ে ছুরিকাঘাতের পর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে খুলনা থানাধীন নিরালার মোড়স্থ সেবা ক্লিনিকের পেছনের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মো. আকাশ শেখ (২৭) নামের এক যুবক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তর্ক-বিতর্কের একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পিঠের মাঝামাঝি দুই স্থানে, মাথার বাম পাশে এবং শরীরের অন্যান্য অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাসান (২৭), রমজান (২৫), শাওন (২৪), লাদেন (২৫), বনি (২৩)সহ আরও কয়েকজনের নাম জানা গেছে বলে দাবি স্থানীয়দের। তবে তাদের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
খুলনা থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধ ও আর্থিক লেনদেনসংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এ হামলার সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।











































