Home আঞ্চলিক খুলনা-৫-এ পরিত্যক্ত ঘরে আগুন: পাল্টাপাল্টি অভিযোগ

খুলনা-৫-এ পরিত্যক্ত ঘরে আগুন: পাল্টাপাল্টি অভিযোগ

15


স্টাফ রিপোর্টার।।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ায় একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে।


জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক শোকর আকুঞ্জির বাড়ির একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে যান এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে এলাকায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং পরিস্থিতি পরিদর্শন করেন।


শোকর আকুঞ্জি অভিযোগ করেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক হওয়ায় ধানের শীষের সমর্থকেরা আগে থেকেই হুমকি দিয়ে আসছিলেন। তাঁর দাবি, তারাই পরিকল্পিতভাবে আগুন দিয়েছেন।


অন্যদিকে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা ঘটনাটিকে “সাজানো নাটক” বলে মন্তব্য করেছেন। থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। যেখানে আমরা বিজয়ী হয়েছি, সেখানে কারো দলীয় পরিচয় খোঁজার প্রশ্নই ওঠে না।” তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।


এদিকে স্থানীয় সচেতন মহলের কেউ কেউ প্রশ্ন তুলেছেন-যদি পরিকল্পিত হামলাই হয়ে থাকে, তবে পরিত্যক্ত ঘরকে লক্ষ্যবস্তু করা হলো কেন?


খানজাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল জানান, ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।