Home Lead খুলনায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয় ঘিরে উত্তেজনা: ছবি টানানো, বিএনপির নিন্দা ও সন্ধ্যায়...

খুলনায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয় ঘিরে উত্তেজনা: ছবি টানানো, বিএনপির নিন্দা ও সন্ধ্যায় ভাঙচুর

398


স্টাফ রিপোর্টার।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় খুলনা মহানগরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে দলীয় কার্যালয়কে ঘিরে ধারাবাহিক ঘটনাকে কেন্দ্র করে।


রোববার বিকেলে নগরীর জেলা ও মহানগর কার্যালয়ের সামনে সড়কের পাশে প্রকাশ্যে টানানো হয় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-র ছবি। সেখানে মাল্যদানও করেন দলীয় নেতা-কর্মীরা। সংশ্লিষ্টরা একে তাদের “প্রত্যাবর্তনের বার্তা” হিসেবে উল্লেখ করেন।


উল্লেখ্য, গত ৪ ও ৫ আগস্টের সহিংসতার ঘটনায় জনতার ক্ষোভে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল খুলনা মহানগর ও জেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয়। দীর্ঘদিন অচল থাকার পর একই স্থানে এ কর্মসূচি স্থানীয় মহলে নানা আলোচনার জন্ম দেয়।


এ ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানায় খুলনা মহানগর বিএনপি। দলটির মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী সময়ে এ ধরনের কর্মকাণ্ড উসকানিমূলক এবং সুপরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত বহন করে। জড়িতদের অবিলম্বে শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়ে অন্যথায় গণতান্ত্রিক কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়। বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।


এরই মধ্যে সন্ধ্যার দিকে পরিস্থিতি নতুন মোড় নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল নেতা-কর্মী কার্যালয় এলাকায় প্রবেশ করে ভাঙচুর চালায় এবং দরজা ও কাগজপত্রে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন-পরবর্তী সময়ে এ ধারাবাহিক ঘটনাকে ঘিরে খুলনার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে।