অনলাইন ডেস্ক।।
পাকিস্তানের বেলুচিস্তানে সিরিজ বোমা ও বন্দুক হামলায় গত দুই দিনে ১৯৩ জন নিহত হয়েছেন। প্রদেশটির আঞ্চলিক মুখ্যমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ৩১, নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে ১৭ জন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৪৫ জন হামলাকারী।
এর আগে বেলুচিস্তানের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী লিবারেশন আর্মি (বিএলএ) বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছিল, এই হামলার পেছনে আছে তারাই। এতে কয়েক ডজন সেনা নিহত হয় বলে দাবি করা হয়।
জানা গেছে, পাকিস্তান বিএলএ-কে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে ভারতের বিরুদ্ধে। তবে ভারত এমন অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি কোয়েটায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, যে কয়টি জেলায় হামলা হয়েছিল, সবখান থেকেই হামলাকারীদের গতকাল রবিবার নির্মূল করা হয়। অন্যদিকে বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বিএলএ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।











































