Home আঞ্চলিক মণিরামপুরে বেড়েছে গরুচোরের উৎপাত : পিকআপসহ আটক চার

মণিরামপুরে বেড়েছে গরুচোরের উৎপাত : পিকআপসহ আটক চার

7

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে গরুচোর সন্দেহে একটি পিকআপসহ চারজনকে ধরে পুলিশে দিয়েছেন জনগণ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কোমলপুর বাজারের নৈশপ্রহরীরা তাদের আটক করেন। এরপর চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে গণধোলাই দিয়ে রাতেই তাদের পুলিশে সোপর্দ করেন।
আটক চারজনের মধ্যে ১৩-১৪ বছরের এক কিশোর রয়েছে। তার নাম জানা যায়নি।
বাকি তিনজন হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লগপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে রিকু হোসেন (৩০), একই উপজেলার মামকাটি গ্রামের মোহাম্মদ শেখের ছেলে জামাল হোসেন (৩২) ও রামপাল উপজেলার কোমলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মিজানুর রহমান মিজান (৩২)।
আটক চারজনকে মণিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি রাজগঞ্জে গরু চোরের উৎপাত বেড়েছে। গত একমাসে কোমলপুর, হানুয়ার, দোঁদাড়িয়া, মনোহরপুর, শাহাপুর-হায়াতপুর এলাকায় ২০-২৫টি গরু চুরি হয়েছে। যারমধ্যে কোমলপুর গ্রামের আটটি গরু রয়েছে। কোন নিরাপত্তা না পেয়ে কয়েকদিনধরে লোকজন রাতজেগে পাহারা শুরু করেছেন।


রোববার দিবাগত রাত দেড়টার দিকে একটি পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-০৮১৪) কোমলপুর বাজার পার হওয়ার সময় নৈশপ্রহরীরা গাড়িটি দাঁড় করিয়ে ভিতরে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তারা জানান,পিকআপে করে মাছ নেওয়ার জন্য এই এলাকায় এসেছেন। কিন্তু মাছ বহনকরার ড্রাম না থাকায় সন্দেহ বাড়ে। পরে গাড়ি চেক করে লম্বা দড়ি ও কিছু ট্যাবলেট পাওয়া যায়।একপর্যায়ে পিকআপে থাকা কিশোর গরুচুরির বিষয়টি স্বীকার করে।
ওই কিশোর জানায়, মাছ বহন করার কথা বলে দৈনিক ৪০০ টাকা মজুরিতে তাকে সাথে নেয় বাকিরা। পরে মাছ বহনের পরিবর্তে গত একমাস ধরে তাদের সাথে সে গরু চুরির কাজ করছে। এরপর বাকিদের ধরে মারপিট করে পুলিশে দেন স্থানীয়রা।
মণিরামপুর এলাকা থেকে চুরি হওয়া গরুগুলো ফকিরহাট বাজারে বিক্রি হয় বলে জানা গেছে।
ঝাঁপা ক্যাম্প পুলিশের আইসি এসআই ওয়াসিম আকরাম বলেন, লোকজন পিকআপসহ চারজনকে ধরে আমাদের খবর দিয়েছে। রাতেই তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।