Home খেলাধুলা নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দর্শকদের জন্য দুঃসংবাদ

নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দর্শকদের জন্য দুঃসংবাদ

28

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বরের ১৩ ও ১৭ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যে যে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে তা দেখার জন্য গ্যালারিভর্তি দর্শক থাকতে পারবে না। এটা ফিফার কোনো নির্দেশনা নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনই ম্যাচ দুটি দেখার জন্য গ্যালারিতে প্রবেশের সুযোগ দেবে সীমিত সংখ্যক দর্শককে। সরকারের স্বাস্থ্যবিধির যে নির্দেশনা আছে সেটা মেনেই ম্যাচ দুটি আয়োজন করবে বাফুফে। সবাই খেলা দেখার সুযোগ না পেলে, সেটা হবে দর্শকদের জন্য বড় দুঃসংবাদই।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘শূন্য গ্যালারির নাকি পূর্ণ গ্যালারির সামনে ম্যাচ হবে তা নিয়ে ফিফার কোনো নিদের্শনা নেই। তাদের নির্দেশনা হলো সংশ্লিষ্ট দেশ তাদের অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। আমরা এখনো ঠিক করিনি ম্যাচটিতে কত দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে এটা ঠিক-আমরা দর্শকশূন্যও রাখবো না, আবার গ্যালারি পূর্ণও করবো না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত দর্শককে টিকিট দেয়া হবে।’
দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে ১৩ ও ১৭ নভেম্বর ম্যাচ দুটি খেলতে। এক-দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে নেপাল কবে ঢাকায় আসবে, কত সদস্যের দল আসবে। বাফুফে এ ম্যাচ দুটি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে যাতে আন্তঃমন্ত্রণালয়ের সভা আয়োজন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। কম হলেও ম্যাচের অনন্ত সাতদিন আগে নেপাল দলকে ঢাকায় আসতে হবে কোয়ারেন্টাইনে থাকার জন্য। তবে কোয়ারেন্টাইনের সময় নেপাল অনুশীলন করার সুযোগ চেয়েছে। যে কারণে, দুই দলের জন্য দুটি প্রস্তুতি মাঠ থাকবে।

হায়দরাবাদকে হারাল কেকেআর

ক্রীড়া প্রতিবেদক

জয়ের জন্য ল্য হচ্ছে ১৬৩ রান। সানরাইজার্স হায়দরাবাদ ৬ উইকেট হারিয়ে সেই ১৬৩ রানই সংগ্রহ করলো। ম্যাচ হয়ে গেলো টাই। জয়-পরাজয় নির্ধারণে বাধ্য হয়েই যেতে হলো সুপার ওভারে।
সেখানেই বাজিমাত করে দিলো কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। বিশেষ করে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানদের দিলেন মাত্র ২ রান। জয়ের জন্য ল্য কেবল ৩ রান। খুব সহজেই রশিদ খানের কাছ থেকে সেই তিন রান তুলে নিলেন ইয়ন মরগ্যান এবং দিনেশ কার্তিক। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানটা নিরঙ্কুশ হলো কেকেআরের। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা চারেই রইলো। ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রইলো সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও কেকেআরের কাছে হারল সানরাইজার্স।
শেষ মুহূর্তে কেকেআরের জয়ের নায়ক হচ্ছেন লকি ফার্গুসন। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নারকে। সরাসরি বোল্ড করে দেন তিনি। এরপর মাঠে নামেন সামাদ। অন্য প্রান্তে ছিলেন জনি বেয়ারেস্ট। মাঠে নেমেই ২ রান নেন সামাদ। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে যান সামাদ। ৩ বলেই শেষ হায়দরাবাদের ইনিংস। ৩ রানের ল্েয ব্যাট করতে নেমে প্রথম বল রশিদ খানের কাছ থেকে কোনো রানই নেননি ইয়ন মরগ্যান। পরের বলে নিলেন এক রান। তৃতীয় বলে কোনো রান নেননি দিনেশ কার্তিক। চতুর্থ বলে হলো ২ রান। অতিরিক্ত থেকেই এলো এই ২ রান।
প্রথম লেগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাই গতকাল রবিবার শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে নাইটদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাট করতে নেমে হায়দরাবাদকে ১৬৪ রানের ল্য দেয় কলকাতা নাইট রাইডার্স।

অসুস্থ ফুটবলার সুজনের পাশে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

কিডনি রোগে আক্রান্ত অসুস্থ ফুটবলার সুজনের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। গতক্রা রবিবার সচিবালয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী তার নিজ দপ্তরে অসুস্থ সুজনের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে এক লাখ টাকার চেক প্রদান করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী সুজনকে আশ্বস্ত করে বলেন, ‘আমরা তোমার পাশে আছি। আমি প্রধানমন্ত্রীকেও বিষয়টি জানাবো এবং পরবর্তীতে প্রয়োজনে আরো সহযোগিতা করা হবে।’ সুজন বলেন, ‘আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার বিপদের সময় তিনি স্বপ্রনোদিত হয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। প্রচ- আর্থিক সমস্যায় ছিলাম। কেউ সাহায্য করছিলো না। উদীয়মান ফুটবলার সুজন প্রথম বিভাগ স্বাধীনতা ক্রীড়া চক্র এবং চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংকে খেলার পর ২০১৭ মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলেছিলেন।

শুটিং চ্যাম্পিয়নশিপে বাকি তৃতীয়

ক্রীড়া প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি ব্রোঞ্জ পেয়েছেন। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাকি ৬১৭.৩ স্কোর করে তৃতীয় হয়েছেন। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান দিশা ৬১৬.৪ স্কোর করে ৬ জনের মধ্যে পঞ্চম হয়েছেন।
গতকাল রবিবার অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছেন জাপানের নায়ো ওকাদা। তিনি স্কোর করেছেন ৬৩০.৯। ভারতের শাহু তুষার ৬২৩.৮ স্কোর করে পেয়েছেন রৌপ্য পদক। মেয়েদের বিভাগে স্বর্ণ জিতেছেন ভারতের ইলাভেরিন। তিনি করেছেন ৬২৭.৫ স্কোর। জাপানের শিয়োরি হিরাতা ৬২২.৬ স্কোর কওে রৌপ্য এবং ইন্দোনেশিয়ার বিদ্যা রাফিকা ৬০১.২১ স্কোর করে পেয়েছেন ব্রোঞ্জ।

উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় খুলনা ও ঝিকরগাছা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

‘ওয়ালটন অলরাউন্ডার উন্মুক্ত কারাতে (কাতা) প্রতিযোগিতা-২০২০’ গতকাল রবিবার শেষ হয়েছে। ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে আয়োজিত এবারের এই প্রতিযোগিতার উন্মুক্ত দলগত পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশন। আর উন্মুক্ত মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা।
উন্মুক্ত দলগত পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশন। যেখানে ঝিকরগাছার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নয়ন ইসলাম রাতুল, শিমুল হোসেন ও নাজমুল সাকিব। এই বিভাগে রানার্স-আপও হয়েছে ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশন। এই দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আল সিয়াম রহমান,আতিনুছ জামান ও নাভিদ আনোয়ার। এদিকে দলগত মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা। যেখানে খুলনার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ফাতেমা রহমান রিয়া, আদিবা ইবনাত ও রওশনারা রিচি। মহিলা দলগত বিভাগে রানার্সআপ হয়েছে ঝিনাইদহ জেলা। যেখানে ঝিনাইদহ জেলার হয়ে লড়েছেন সাদিয়া ইসলাম প্রভা, সাদিয়া ইসলাম প্রমি ও আরাফ আরফি। এ ছাড়া ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নয়ন ইসলাম রাতুল, শিশু বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আল সিয়াম রহমান। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নাজমুল সাকিব, আর সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শিমুল হোসেন।

এশিয়ান দাবা থেকে বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান নেশন্স (রিজনস) মেন অনলাইন কাপ দাবায় তৃতীয় দিনে দুই জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু পয়েন্ট তালিকায় দশম স্থানে থাকায় প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে খেলা হচ্ছে না জিয়া-রিফাত-ফাহাদদের।
গতকাল রবিবার সপ্তম রাউন্ডে জাপানের বিপক্ষে ২.৫-১.৫ গেম পয়েন্টে জিতে বাংলাদেশ। দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার জিতেছেন। ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। হেরে যান ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান। অষ্টম রাউন্ডে ভারতের কাছে ৩.৫-০.৫ ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ দলের হয়ে কেবল ড্র করেন রিফাত। জিয়া, নিয়াজ ও ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজ উদ্দিন হেরে যান। নবম ও শেষ রাউন্ডে শ্রীলঙ্কাকে ৪-০ গেম পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। এ ম্যাচে জিয়া, রিফাত, মিনহাজ ও ফাহাদ চার জনই পান জয়ের দেখা। পাঁচ জয়, এক ড্র ও তিন হার দিয়ে প্রতিযাগিতা শেষ করল বাংলাদেশ। নয় রাউন্ড শেষে ১১ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে দশম হওয়ায় ছিটকে গেছে কোয়ার্টার-ফাইনালের আগেই।

রিয়ালকে হারের স্বাদ দিল কাদিস

ক্রীড়া প্রতিবেদক

লা লিগার নবাগত দল কাদিসের বিপক্ষে বাজে ফুটবল খেলে হেরে গেল রিয়াল মাদ্রিদ। লোসানোর একমাত্র গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২৯ বছর পর হারিয়েছে দলটি।
শনিবার ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ১-০ গোলে হেরে যায় রিয়াল। এরফলে জিনেদিন জিদানের শিষ্যরা মৌসুমের প্রথম ও ১৭ মাস পর ঘরের মাঠে হারের স্বাদ পেল। ১৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফিরেই আক্রমণে রিয়ালকে কোনঠাসা করে রাখে কাদিস। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। তবে শেষ মুহূর্তে সার্জিও রামোস কিয়ার করেন। তবে ১৬তম মিনিটে আর পেরে ওঠেনি রিয়াল। সতীর্থের হেডে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় হাঁটু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ বুদ্ধিদীপ্ত এক টোকায় ঠিকানা খুঁজে নেন লোসানো। বল কোর্তোয়ার বাহু ছুঁয়ে জালে জড়ায়। ৩৯ মিনিটে অবশ্য কর্নারে রাফায়েল ভারানের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের। বিরতির পর বেশ কয়েক দফা আক্রমণ চালালেও সমতায় ফেরা হয়নি রিয়ালের। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে জিদান শিষ্যরা। এ ম্যাচ হেরেও ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা কাদিসের পয়েন্ট সমান ১০।

বার্সাকে হারিয়ে দিল গেতাফে

ক্রীড়া প্রতিবেদক

দারুণ লড়াই করে বার্সেলোনাকে হারিয়ে দিয়েফে গেতাফে। লা লিগার ম্যাচে পুঁচকে দলটির বিপক্ষে ১-০ হেরেছে বার্সেলোনা। গেতাফের মাঠে শনিবারের এই পরাজয় আবার নতুন কোচ রোনাল্ড কোম্যানের প্রথম হার।
এদিন ২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সা। তবে লিওনেল মেসির ঝড়ো শট পোস্টে বাধা লেগে ফেরে। এরপর কিমেন্ট লংলে ও আঁতোয়া গ্রিজম্যানরাও দলকে লিড এনে দিতে পারেননি। বিরতির পর ৫৬তম মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় গেতাফে। হাইমে মাতার সফল স্পট কিকে গোল হজম করে বার্সা। এর আগে ফ্রেঙ্কি ডি ইয়ং ডিজেনে ডাকোনামকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। এরপর বার্সা আক্রমণের ধার বাড়ালেও আর ম্যাচে ফেরা হয়নি। শেষ পর্যন্ত মৌসুমের প্রথম হার নিয়েই মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা। লিগে রিয়াল মাদ্রিদ, গেতাফে, কাদিস ও গ্রানাদার পয়েন্ট ১০ করে। ৯ পয়েন্ট রিয়াল বেতিসের। ৮ পয়েন্ট করে আতলেতিকো, রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়ালের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে বার্সা।

আর্সেনালকে হারিয়ে জয়ে ফিরল সিটি

ক্রীড়া প্রতিবেদক

দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের গোলে নিজেদের মাঠে আর্সেনালকে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার বিকেলে হওয়া ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছে সিটি। গত মৌসুমে এখানে ৩-০ গোলে জিতেছিল তারা।
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে গত জুনের পর মাঠে ফেরেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। ঘরের মাঠে শুরু থেকে আর্সেনালকে চেপে ধরে স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে রিয়াদ মাহরেজের শটে পোস্টের একটু বাইরে দিয়ে যায় বল। ২৩তম মিনিটে মেলে গোলের দেখা। আগুয়েরোর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে ফিল ফোডেনের নেওয়া শট ফেরান গোলরক্ষক। ফিরতি বল ফাঁকা জালে পাঠান স্টার্লিং। ৩৩তম মিনিটে মাহরেজের আরেকটি শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৪০তম মিনিটে সমতায় ফিরতে পারত আর্সেনাল। খুব কাছ থেকে বুকায়ো সাকার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক এদেরসন। ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনাল বিরতির পর আক্রমণে ধার বাড়ায়। কিন্তু সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো শেষ দিকে আত্মঘাতী গোল খেতে বসেছিল। দাভিদ লুইসের পায়ে লেগে বল পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে বেঁচে যায় সফরকারীরা। সিটিও পারেনি ব্যবধান বাড়াতে।

নিউক্যাসলের বিপক্ষে দুর্দান্ত জয় ম্যানইউ’র

ক্রীড়া প্রতিবেদক

টটেনহ্যামের কাছে হাফ ডজন গোল হজম করার পর শনিবার নিউক্যাসেল ম্যাচটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু ঘুরে দাঁড়ানোর ম্যাচেও শুরুতে বিপত্তি। ম্যাচ শুরুর ১০২ সেকেন্ডে লুক শ’র আত্মঘাতী গোলে এদিন পিছিয়ে পড়ে রেড ডেভিলসরা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি নষ্ট ব্রুনো ফার্নান্দেজের। তবুও নিউক্যাসেল ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়র ঘুরে দাঁড়াল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে এদিন ওলে গানার সোল্কজায়েরের দলের ৪-১ গোলে জয় যথেষ্ট ইতিবাচক।
খেলা শুরুর দু’মিনিটের মধ্যে এমিল ক্র্যাফতের ক্রস কিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন লেফট-ব্যাক লুক শ। ২৩ মিনিটে জুয়ান মাতার কর্নারে মাথা ছুঁইয়ে সেই গোল ফিরিয়ে দেন অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। লিগ শুরুর আগে গ্রীসে ছুটি কাটাতে গিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে বচসা। এরপর ডিফেন্সের অন্যতম স্তম্ভ হিসেবে স্পারসের কাছে ৬ গোল হজম। কিংবা নেশনস লিগে ডেনমার্কের বিরুদ্ধে দিনকয়েক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়া। সবমিলিয়ে ক্রমাগত সমালোচনায় বিদ্ধ ম্যাগুয়ারের কাছে এই গোল অনেকটাই স্বস্তির। অধিনায়কের সমতাসূচক গোলে ভর করেই দ্বিতীয়ার্ধে পুরো পয়েন্টের জন্য ঝাঁপায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৫৭ মিনিটে নিউক্যাসেল ডিফেন্সের প্রাচীর টপকে বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করলে বাধা পান মার্কাস রাশফোর্ড। কিন্তু ইংরেজ স্ট্রাইকারকে আটকাতে গিয়ে তাঁকে ফাউল করে বসেন বিপক্ষ ডিফেন্ডার জামাল লুইস। পেনাল্টি পায় ম্যান ইউ। দলের হয়ে গত সাতটি পেনাল্টিতে নিশানায় অব্যর্থ থাকা ব্রুনো ফার্নান্দেজের স্পটকিক সেভ করে এযাত্রায় নায়ক বনে যেতে পারতেন নিউক্যাসেল গোলরক্ষক ডার্লো।

ইন্টারকে হারিয়ে শীর্ষে রইল এসি মিলান

ক্রীড়া প্রতিবেদক

বয়স তার ৩৯, কিন্তু মাঠের খেলায় তেমন কোনো ছাপই নেই। বরং দিন দিন যেন আরও আক্রমণাত্মক হচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইতালিয়ান সিরি’আর লিগে তারই জোড়া গোলে ডার্বিতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারাল এসি মিলান।
শনিবার সান সিরোতে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ইব্রা। সুইডেন জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার ১৩ ও ১৬ মিনিটে গোল দুটি করেন। খেলার ২৯ মিনিটে রোমেলু লুকাকু একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় অ্যান্তোনিও কোন্তের দলকে। লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচের সবকটি জিতে শীর্ষেই অবস্থান করছে এক সময়ের প্রতাপশালী দল এসি মিলান। যেখানে স্তেফানো পিওলির শিষ্যরা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইল। গত মৌসুমে শেষ ১২ ম্যাচের ৯টিতে জয় ও তিনটিতে ড্র করেছিল দলটি। ৪ ম্যাচ জেতা মিলান ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ৯ পয়েন্টে দ্বিতীয়স্থানে আতালান্তা। নাপোলি ও জুভেন্টাস সমান ৮ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে এগিয়ে তৃতীয়স্থানের নাপোলি।

বায়ার্নের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

জার্মান বুন্দেসলিগায় আর্মিনিয়া বিলেফেল্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। দলে হয়ে জোড়া গোল করেন টমাস মুলার ও রবার্ট লেভান্ডভস্কি। যদিও শেষদিকে ১০ জনের দলে পরিণত হয় হ্যান্স ফিকের শিষ্যরা। তবে বড় জয়ে কোনো সমস্যা হয়নি চ্যাম্পিয়নদের।
শনিবার প্রতিপক্ষের মাঠে অষ্টম মিনিটে মুলার লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন। পরে লেভান্ডভস্কি ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। লেয়ন গোরেটস্কার পাস নিয়ন্ত্রণে নিয়ে দেখে শুনে ডান পায়ের শটে জাল খুঁজে নেন পোলিশ ফরোয়ার্ড। আর্মিনিয়া গোলরক্ষক ঝাঁপিয়েও নাগাল পাননি বলের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মুলারের পাস ধরে ডি-বক্সের একটু ওপর থেকে নিচু শটে গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভান্ডভস্কি। বিরতির পর লেভান্ডভস্কির ক্রস থেকে স্কোরলাইন ৪-০ করেন মুলার। ৫৮তম মিনিটে জাপানের অ্যাটাকিং মিডফিল্ডার রিতসু দোয়ানের গোলে ব্যবধান কমায় আর্মিনিয়া। ৭৬তম মিনিটে ফাবিয়ান কসকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি মিডফিল্ডার কোরোঁতাঁ তোলিসো। লিগে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন। বরুশিয়া ডর্টমুন্ড সমান ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ১০ পয়েন্ট শীর্ষে লাইপজিগ।

জুভেন্টাসকে রুখে দিল নবাগত ক্রোতানে

ক্রীড়া প্রতিবেদক

ইতালিয়ান সিরি’আ লিগে নবাগত ক্রোতোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া আন্দ্রে পিরলোর দল আর ঘুরে দাঁড়াতে পারেনি।
শনিবার ক্রোতোনের মাঠে খেলার দ্বাদশ মিনিটে নুয়ানকুর সফল স্পট কিকে এগিয়ে যায় ক্রোতোনে। এর আগে ডি-বক্সে জুভ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি মিডফিল্ডার আর্কাদিউস রেকাকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পরে ২১তম মিনিটে আলভারো মোরাতার গোলে সমতায় ফেরে জুভেন্টাস। ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কাছ গোলটি করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
ম্যাচের ৬০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তরুণ ফরোয়ার্ড চিয়েসা প্রতিপক্ষের মিডফিল্ডার লুকা সিগারিনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। লিগে চার ম্যাচে দুই জয় ও সমান ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। ৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপোলি।

নাটকীয় ম্যাচে চেলসির হোঁচট

ক্রীড়া প্রতিবেদক

তিন তিনবার এগিয়ে যাওয়ার পরও ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে জিততে পারেনি চেলসি। ব্লুজদের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করে ৩-৩ ব্যবধানে ম্যাচটি ড্র করেছে সাউদাম্পটন।
১৫ ও ২৮তম মিনিটে জোড়া গোল করে চেলসিকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড টিমো ভার্নার। এরপর ৪৩তম মিনিটে ড্যানি ইঙ্গস ও ৫৭তম মিনিটে চে অ্যাডামসের গোলে সমতায় ফিরে সাউদাম্পটন। তবে সমতাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দ্য সেইন্টরা। ৫৯তম মিনিটে আরেক জার্মান তারকা কাই হাভাৎর্জের গোলে ফের এগিয়ে যায় চেলসি। কিন্তু শেষ পর্যন্ত তাতেও তিন পয়েন্ট আদায় করতে পারেনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। অতিরিক্ত দ্বিতীয় মিনিটে জানিক ভেস্তারগার্ডের গোলে সমতায় ফেরে সাউদ্যাম্পটন। জয় পেলে লিভারপুলকে টপকে চলতি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে আসতো চেলসি। তবে তারা এখন ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অলরেডরা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এভারটন।

সুখবর পেলেন নারাইন

ক্রীড়া প্রতিবেদক

তার বোলিং অ্যাকশন নিয়ে ফের উঠেছিল প্রশ্ন। এবার অবশ্য হতাশ হতে হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি খেলার ঠিক আগে সুখবর পেলেন সুনিল নারাইন।
কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনারের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি পাওয়া যায়নি। আইপিএল কর্তৃপক্ষ জানাল, নারাইনের অ্যাকশনের ফুটেজ নানাভাবে পর্যবেক্ষণ শেষে টুর্নামেন্টের সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি সিদ্ধান্তে পৌঁছেছে যে তার অ্যাকশনে কোন সমস্যা নেই।
বিবৃতিতে সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি লিখেছে, ‘নারাইনের অ্যাকশনের ধীর গতির ফুটেজ জমা দিয়ে আইপিএল সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির কাছে নাইট রাইডার্স তার অ্যাকশনের আনুষ্ঠানিক মূল্যায়নের জন্য অনুরোধ করে। এরপর কমিটি নারাইনের অ্যাকশন ফুটেজের সব ডেলিভারি সতর্ক থেকে পর্যালোচনা করেছে। দেখা যাচ্ছে তার কনুই অনুমোদিত সীমার মধ্যে বাঁকা হচ্ছে।’ নাইটদের জন্য স্বস্তির খবর মিলল। নিষেধাজ্ঞায় পড়তে হলো না তাকে।

ধাওয়ানের সেঞ্চুরির ধাক্কায় ধরাশায়ী চেন্নাই

ক্রীড়া প্রতিবেদক

শিখর ধাওয়ানের ঝড়ো সেঞ্চুরি ও শেষ ওভারে অক্ষর প্যাটেলের তিন ছক্কায় ভর করে দারুণ জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ৩৪তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে আসরটির শীর্ষেও উঠে এসেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দলটি।
শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা চেন্নাই ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে। জবাবে ইনিংসের এক বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৮৫ করে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি। ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি দিল্লির। দলীয় শূন্য রানেই ওপেনার পৃথ্বী শ বিদায় নেন। তিন নাম্বারে নামা আজিঙ্কে রাহানেও (৮) নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে অন্যদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন ধাওয়ান। তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১৪টি চার ও এক ছক্কায় ১০১ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন এই বাঁহাতি। রোমাঞ্চ অবশ্য শেষ ওভার পর্যন্ত গড়ায়। কিন্তু চেন্নাই বোলার রবীন্দ্র জাদেজাকে শেষ ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন অক্ষর। তিনি মাত্র ৫ বলে ২১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। এছাড়া ১৪ বলে ২৪ করেন মার্কাস স্টোইনিস। চেন্নাই বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন দীপক চাহার। একটি করে উইকেট নেন স্যাম কারেন, শার্দুল ঠাকুর ও ডোয়েন ব্রাভো।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, আম্বাতি রায়দু ও জাদেজার ব্যাটে ভালো সংগ্রহ পায় চেন্নাই। তবে ডু প্লেসিস ছাড়া আর কেউই ফিফটির দেখা পাননি। তিনি ৪৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করে কাগিসো রাবাদার বলে বিদায় নেন। এছাড়া ওয়াটসন ৩৬, রায়দু অপরাজিত ৪৫ ও জাদেজা অপরাজিত ১৩ বলে ৩৩ রান করেন। দিল্লি বোলারদের মধ্যে আনরিখ নরকিয়া দুটি উইকেট পান। রাবাদা ও তুষার দেশপান্ডে ১টি করে উইকেট দখল করেন। আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা হন ধাওয়ান।