স্টাফ রিপোর্টার |।
খুলনা নগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকায় এক তরুণীকে (১৮) অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শালা-দুলাভাই সম্পর্কের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে নয়াবাটি এলাকার একটি মাদকের আখড়ায় কয়েকজন মিলে ওই নারীকে গণধর্ষণ করা হয়। ঘটনার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীর মা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগীর মা হাসপাতাল থেকে বাসায় ফিরে যাওয়ার পর রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা নারীকে হাসপাতাল থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার খালিশপুর থানায় একটি মামলা দায়ের করে।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মানিক ও রাজু নামের দুই যুবককে গ্রেপ্তার করে। তারা সম্পর্কে শালা ও দুলাভাই বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে পুলিশ অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপহৃত নারীকে উদ্ধার করা হয়েছে এবং দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।











































