ক্রীড়া প্রতিবেদক
বিসিবি প্রেসিডেন্টস কাপের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে নাজমুল একাদশ। মাহমুদউল্লাহ একাদশকে ১৩১ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নাজমুলের দল।
মিরপুরে আগে ব্যাট করতে নেমে আফিফ হোসেন ও মুশফিকুর রহিমের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান করে নাজমুলের দল। জবাবে নাজমুল একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৩ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ একাদশ। ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় মাহমুদুল্লাহরা। কোনো ব্যাটসম্যানই উল্লেখযোগ্য রান করতে পারেনি। ৩২.১ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয় মাহমুদুল্লাহ দল। আর এতেই ১৩১ রানের বিশাল জয় পায় নাজমুলের দল। মাহমুদউল্লাহ একাদশের লিটন দাস ও নুরুল হাসান সোহান সর্বোচ্চ ২৭ রান করেন। নাজমুল একাদশের আবু জায়েদ রাহি ও নাসুম আহমেদ ৩টি, রিশাদ আহমেদ ২টি ও আল আমিন হোসেন ১টি করে উইকেট নেন।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি নাজমুল একাদশের। স্কোরবোর্ডে ৩১ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরত যান সৌম্য সরকার (৮), নাজমুল হোসেন শান্ত (৩) ও পারভেজ হোসেন ইমন (১৯)। চাপে পড়ে যায় নাজমুল একাদশ। চতুর্থ উইকেট জুটিতে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে সেই চাপ সামাল দেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। শতরানের জুটি গড়েন তারা। অর্ধশতক তুলে নেন আফিফ। বেশ আস্থার সঙ্গে ব্যাট করতে থাকেন এই ২১ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান। তবে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত ৯৮ রানের সময় রান আউটের শিকার হন আফিফ। ভাঙে ১৪৭ রানের চতুর্থ উইকেট জুটি। আফিফের বিদায়ের পর অর্ধশতক তুলে নেন মুশফিফ। তবে ইনিংস আর বড় করতে পারেননি তিনি। দলীয় ১৮৭ রানের মাথায় ৫২ রান করে ফেরত যান মুশি। ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয় ষষ্ঠ উইকেট জুটিতে আরও ৫০ রান যোগ করেন। হৃদয় ২৭ রান করে আউট হলে ৭০ রানের সপ্তম উইকেট জুটি ভাঙে। শেষ পর্যন্ত ৮ উকেটে ২৬৪ রান করে নাজমুল একাদশ। ইরফান ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। মাহমুদুল্লাহ একাদশের রুবেল হোসেন ৩টি এবং এবাদত হোসেন ২টি ও সুমন খান ১টি উইকেট নেন।
নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে নেপাল
ক্রীড়া প্রতিবেদক
তাদের নির্বাচনি ইশতেহারের অনত্যম প্রধান বিষয় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৫০-এর আশেপাশে তুলে আনা। নির্বাচনে আবার বিজয়ী হয়ে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে ইশতেহার অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। র্যাঙ্কিং বাড়াতে হলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করার পাশাপাশি বেশি বেশি ফিফা প্রীতি ম্যাচ খেলে তাতেও ভালো করতে হবে। আগামী নভেম্বরেই দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে বাংলাদেশে।
পোলের ফিফা র্যাঙ্কিং ১৭০। বাংলাদেশের ১৮৭। এই প্রীতি ম্যাচ দুটিতে ভালো করে র্যাঙ্কিংয়ে উন্নতি করা একটা উদ্দেশ্য অবশ্যই। তবে এটাও সত্যি, করোনাভাইরাসের কারণে সেই মার্চ থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের খেলায় ফিরিয়ে আনাও একটা লক্ষ্য। নেপাল জাতীয় দলকে বাংলাদেশে এসে দুটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ আগে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) বাফুফের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১১-১৯ নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশে এসে খেলতে সম্মতি জানিয়েছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আগেই নেপালকে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলাম আমরা। সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে ওরা নভেম্বরেই খেলতে আসবে বলে জানিয়েছে।’
নেপালের ফুটবল ওয়েবসাইট গোল নেপাল ডটকমও শুক্রবারের এক প্রতিবেদনে আনফার বরাতে বাংলাদেশের সঙ্গে নেপালের দুটি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে। গোল নেপাল জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর নেপালের বৃহত্তম উৎসব দশাইন উৎসবের (বিজয়া দশমী) পরেই নেপাল ফুটবল দল অনুশীলন শুরু করবে। এর আগে আনফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য অনুশীলন শুরু করতে চেয়েছিল আগস্ট মাসে। কিন্তু কোভিড-১৯-এর কারণে নেপাল সরকার অনুশীলনের অনুমতি দেয়নি।
শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন শুটিং শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ রবিবার।
স্বাগতিক বাংলাদেশের শুটারদের সঙ্গে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া,পাকিস্তান ও ভুটানের শুটাররা এতে অংশ নেবেন। প্রতিযোগিতার শীর্ষ জুটিকে ১০০০, দ্বিতীয় স্থান অজর্নকারী জুটিকে ৭০০ এবং তৃতীয় স্থানাধিকারী জুটিকে ৫০০ মার্কিন ডলার প্রাইজমানি দেওয়া হবে।
দাবায় নিউজিল্যান্ড মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয়
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান নেশন্স (রিজনস) উইমেন অনলাইন কাপ দাবায় দ্বিতীয় দিনটি মোটামুটি কেটেছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছে জয়। ড্র হয়েছে লেবাননের বিপক্ষে ম্যাচ। মেয়েদেরকে হারের স্বাদ দিয়েছে সিঙ্গাপুর।
প্রতিযোগিতায় গতকাল শনিবার দ্বিতীয় দিনে তিন রাউন্ডের খেলা হয়েছে। চতুর্থ রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারে মেয়েরা। সিঙ্গাপুরের বিপেক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম জিতেন; ড্র করেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ। এ রাউন্ডে হেরে যান মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমিন সুলতানা শিরিন ও রানী হামিদ। পঞ্চম রাউন্ডে নিউ জিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। নোশিন, রানী ও ওয়ালিজা জয় পান। এ রাউন্ডেও হেরে যান শিরিন। ষষ্ঠ রাউন্ডে লেবাননের বিপক্ষে ২-২ ড্রয়ে নিজেদের খেলায় জয় পান রানী ও নোশিন। হেরেছেন শিরিন ও ওয়ালিজা। ছয় রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে একাদশ স্থানে আছে বাংলাদেশ। ১০ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফিলিপিন্সের মেয়েরা শীর্ষে, ভারত দ্বিতীয় ও ইরান তৃতীয় স্থানে আছে।
হানিফ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ শেখ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর কোর্ট জামে মসজিদে বাদ আছর খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কারী মোহাম্মদ নুরুল হুদা।
দোয়া মাহফিলে সমিতির সভাপতি মো. আব্দুস ছালাম ঢালী, সহ-সভাপতি তরিকুল ইসলাম বাবু, লুৎফর রহমান নয়ন, সাধারণ সম্পাদক মিনা মামুনুর রহমান মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরোজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, মো. খালিদ সাইফুল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. মহসীন, সদস্য নীরা, বাপ্পী, মনির শেখ, মুরাদ, টোটন, সিদ্দিক, আকাশসহ কার্যনির্বাহী পরিষদ ও হানিফের পরিবারের সদস্যবর্গ এবং বিভিন্ন একাডেমির খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলও প্রস্তুত আছে
ক্রীড়া প্রতিবেদক
আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কর্পোরেট দল নিয়ে এই আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে যদি কর্পোরেট দল না পাওয়া যায় তবে বিসিবি দল গঠন করে দেবে। দলও প্রস্তুত আছে।
গতকাল শনিবার মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে কোনোকিছুই এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রধান নির্বাচক বলেন, ‘এটা এখনও কনফার্ম হয়নি। এটার কোনো আপডেট এখনই দিতে পারবো না। আমাদের করণীয় যা থাকবে তা করবো। এখানে তিনটা দলের জন্য বাছাই করেছি। পরে হয়তো ৫টা দল নির্বাচন করবো। এখনই কিছু বলতে পারছিনা, সময়ের ব্যাপার আছে। আমরা প্রস্তুত করে রেখেছি, আমাদের যখন বলবে তখন দেবো। ‘
ফের শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প
ক্রীড়া প্রতিবেদক
নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন সম্মতি দেওয়ার পর প্রস্তুতি ক্যাম্পের ছক সাজিয়ে ফেলেছে ন্যাশনাল টিমস কমিটি। করোনাভাইরাসের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে এ মাসেই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
আগামী ১১ থেকে ১৯ নভেম্বরে ফিফার উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে নেপাল। ম্যাচের চূড়ান্ত দিন-ক্ষণ এখনও জানায়নি বাফুফে।
হঠাৎ করে সম্মতি আসায় হাতে খুব বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ। লম্বা সময় অনুশীলনের বাইরে থাকায় ফুটবলারদের ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপার রয়েছে। জাতীয় দলের কোচ জেমি ডে’ও এ মুহূর্তে দেশে নেই। গত মার্চে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার পর ছুটি নিয়ে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন কোচ। মাঝের সময়টাতে অবশ্য ইংল্যান্ডে বসেই অনলাইনে শিষ্যদের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন তিনি।
ওয়ালটন অলরাউন্ডার উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা শুরু
ক্রীড়া প্রতিবেদক
ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন অলরাউন্ডার উন্মুক্ত কারাতে (কাতা) প্রতিযোগিতা-২০২০।’
গতকাল প্রথম রাউন্ডের খেলাগুলো শেষ হয়েছে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা আজ রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। ওজন ও বয়সের ভিত্তিতে ছয়টি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের এই প্রতিযোগিতা। প্রত্যেকটি ক্যাটাগোরির স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ীদের মেডেল দেওয়া হবে। এছাড়া দলগত বিজয়ীদের ট্রফি দেওয়া হবে। অংশ নিতে যাওয়া জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য খুলনা, যশোর, ফরিদপুর ও ঢাকা।
মিরপুর ক্রিকেটার্সের জার্সি উন্মোচন
ক্রীড়া প্রতিবেদক
পুরো বছর ক্রিকেটের খবর লিখেই সময় কাটে তাদের। ক্রিকেটের সঙ্গে নিত্য বসবাসেই বেশ অভ্যস্ত তারা। সেই ক্রিকেট রিপোর্টাররাই হয়ে উঠেছেন ক্রিকেটার! নিয়মিত অনুশীলনের পাশাপাশি বিভিন্ন দলের সঙ্গে ম্যাচ খেলে আসছে ক্রিকেট রিপোর্টারদের দল মিরপুর ক্রিকেটার্স।
গতকাল শনিবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন হয়েছে ক্রিকেট রিপোর্টারদের নিয়ে গড়া মিরপুর ক্রিকেটার্সের। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ ও নিউজজিডটকমের বিশেষ প্রতিনিধি শামীম চৌধুরী। মিরপুর ক্রিকেটার্সের জার্সি স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ।
বার্কোস গেলেন : খালেদ এলেন
ক্রীড়া প্রতিবেদক
কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, আর্জেন্টাইন ফরোয়ার্ড এরনান বার্কোস থাকছেন না বসুন্ধরা কিংসের তাবুতে। সেটাই সত্যি হলো; বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের ছেড়ে গেলেন লিওনেল মেসির এই সাবেক সতীর্থ।
নতুন মৌসুম সামনে রেখে ইরানের ডিফেন্ডার খালেদ শাফিইকে দলে টেনেছে কিংস। আপাতত ২০২০-২১ মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি করার কথা জানিয়েছেন দলটির টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জুবায়ের নিপু। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার সর্বশেষ খেলেছেন ইরানের কাব সাইপাতে। কখনও জাতীয় দলে সুযোগ না পাওয়া খালেদ কাব ক্যারিয়ারে ৯টি দলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ।
ডি ভিলিয়ার্সের ছয় ছক্কায় ব্যাঙ্গালোরের জয়
ক্রীড়া প্রতিবেদক
তিনি যখন ব্যাট করতে নামলেন তখন ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের ম্যাচ জয়ের প্রয়োজন ৪২ বলে ৭৬ রান। শেষের দিকে এসে সেই টার্গেট দাড়ালো আরেকটু কঠিন; শেষ ২৪ বলে চাই ৫৪ রান। কিন্তু যতক্ষণ উইকেটে আছেন এবি ডি ভিলিয়ার্স ততক্ষণ যে তার কাছে কোন টার্গেটই কঠিন না! কোন বোলারই সমস্যার না! ঠিক যাকে বলে এককভাবে ম্যাচ জয় করা- সেটাই এই ম্যাচে করে দেখালেন মিঃ থ্রি সিক্সটি ডিগ্রী খ্যাত এই ব্যাটসম্যান। ১৯ নম্বর ওভারে ভিলিয়ার্স যা করলেন সেটাই জানিয়ে দিল এই ম্যাচে জয়ী কে? উনাদকান্তের সেই ওভার থেকে এলো ২৫ রান। যার প্রথম তিনটিই আবার ছক্কা। সেই তিন ছক্কাই হাঁকালেন ভিলিয়ার্স।
শেষ ওভারে এসে হিসেবটা সহজ হয়ে গেল। জিততে চাই ১০ রান। এবারও ফিনিসিং টানলেন সেই ভিলিয়ার্স। জোফরা আরচারের করা শেষ ওভারের চতুর্থ বলে মিড উইকেট দিয়ে ছক্কা! সেই সঙ্গে ব্যাঙ্গালোরের ৭ উইকেটে ম্যাচ জয়। মাঝখানে কঠিন লাগতে থাকা ম্যাচে ছক্কার ঝড় তুলে ডি ভিলিয়ার্স আরেকবার জানিয়ে দিলেন তিনিই টিÑ টোয়েন্টির সেরা ব্যাটসম্যান। ছয় ছক্কা ও ১ বাউন্ডারিতে মাত্র ২২ বলে অপরাজিত ৫৫ রান করে ব্যাঙ্গালোরকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়লেন সুপারম্যান এবি ডি ভিলিয়ার্স। শেষ ছক্কায় ম্যাচ জেতার পর বিরাট কোহলি ড্রেসিংরুম থেকে নেমে মাঠে প্রবেশ করে ভিলিয়ার্সকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। ম্যাচসেরা: ডি ভিলিয়ার্স।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসের শেষদিকে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেই দুই সিরিজের প্রায় ৪০ দিন আগেই নিজেদের টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দুই স্কোয়াডেই রয়েছে চমক। আগামী ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হবে সফরের তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট। কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকায় দুই সপ্তাহ আগেই নিউজিল্যান্ড পৌঁছে যাবে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, চেমার হোল্ডার, আলঝারি জোসেফ, কেমো পল এবং কেমার রোচ।
রিজার্ভ: এনক্রুমা বোনার, জশুয়া দা সিলভা, প্রেস্টন ম্যাকসুইন, শেন মোসেলে, রেয়মন রেইফার এবং জ্যাডেন সিয়ালেস।
টি-টোয়েন্টি স্কোয়াড : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, আন্দ্রে ফেচার, শিমরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ারস, রভম্যান পাওয়েল, কেমো পল, নিকোলাস পুরান, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র এবং কেসরিক উইলিয়ামস।
ডার্বিতে লিভারপুল-এভারটনের রোমাঞ্চকর ড্র
ক্রীড়া প্রতিবেদক
দুইবার এগিয়ে যাওয়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিভারপুল। রোমাঞ্চকর মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে অলরেডরা।
গত দশ বছর নগর প্রতিদ্বন্দ্বী লিভারপুলকে হারাতে পারেনি এভারটন। দ্য টফিজরা অলরেডদের বিপক্ষে শেষ জয় পেয়েছিল ২০১০ সালে। তবে এবার কার্লো আনচেলত্তির শিষ্যরা লিভারপুলের বিপক্ষে মুখোমুখি হয় চলতি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। দুর্দান্ত ফর্মে থাকা এভারটন এবার আশাও করেছিল অলরেডদের বিপক্ষে জয় খরা কাটাতে। কিন্তু গতকাল শনিবার নিজেদের মাঠ গুডিসন পার্কে ম্যাচের তৃতীয় মিনিটে উল্টো পিছিয়ে পড়ে তারা। এন্ড্রু রবার্টসনের পাস থেকে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। তবে ইয়ুর্গেন কপের শিষ্যরা ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১৯তম মিনিটে হামেস রদ্রিগেজের পাস থকে এভারটনকে সমতায় ফেরান মাইকেল কিন। দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচটি। ৭২তম মিনিটে ফের লিভারপুল এগিয়ে যায় মোহামেদ সালাহর গোলে। কিন্তু চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ডমিনিক কালভার্ট-লেউইন দ্রুতই সমতায় ফেরায় এভারটনকে। লুকাস ডিগনের পাস থেকে ৮১তম মিনিটে লিভারপুলের জালে বল জড়িয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের শেষদিকে দারুণভাবে জমে ওঠে দু’দলের ডার্বি। যোগ করা অতিরিক্ত দ্বিতীয় মিনিটে জর্ডান হ্যান্ডারসনের গোলটি অফ-সাইডের কারণে বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো লিভারপুল। প্রথমে গোলের বাঁশি বাজালেও পরে তা বাতিল করেন ম্যাচ রেফারি। তার আগে ৯০তম মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে এভারটন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিচার্লিসন।
এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়
ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার রাতে নিমের মাঠে অনুপস্থিত ছিলেন পিএসজির নিয়মিত একাদশের অনেকেই। আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা শেষ। এদিকে সামনে আছে চ্যাম্পিয়নস লিগ ও লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই মূল একাদশের নেইমার, ডি মারিয়া, মাউরো ইকার্দিদের ছাড়াই একাদশ সাজান পিএসজি কোচ টমাস টুখেল। কিন্তু মাঠে তাদের অভাব বুঝতেই দেননি এমবাপ্পেরা।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলা পিএসজির মিডিফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস নবম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন। এর তিন মিনিট পর পিএসজির রাফিনিয়োকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিমের ডিফেন্ডার লোইক। রক্ষণে একজন কমে যাওয়ার ফল ভোগ করে নিম। একের পর এক আক্রমণে স্বাগতিক রক্ষণকে ব্যাতিব্যস্ত করে রাখে পিএসজি। ৩১তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু বদলি মিডফিল্ডার আন্দের হেরেরার হেড ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক বাতিস্ত রেনেত। তবে এক মিনিট পরেই রাফিনিয়োর থ্রু বলে প্রতিপক্ষের ডি-বকে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে। গোল হজমের পর নিমের গোলরক্ষক রেনেত যেন এমবাপ্পেদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান। প্রথমার্ধে বেশ কয়েকটি দারুণ সেভ করেন তিনি। গুয়ে এবং এমবাপ্পের দুটি হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেও বেশ কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন নিমের গোলরক্ষক। এছাড়া ৬৬তম মিনিটে সারাবিয়ার ক্রসে ফোরেন্সির ভলি পোস্টে লাগে। ৭৬তম মিনিটে ইতালিয়ান ডিফেন্ডারের হেড লাগে পোস্টে। এর কিছুক্ষণ পর সারাবিয়ার হেডে বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন তিনি। খেলার ৮৩তম মিনিটে ফের একবার জালের ঠিকানা খুঁজে পান এমবাপ্পে। এবারও গোলের উৎস সারাবিয়া। স্প্যানিশ মিডফিল্ডারের থ্রু বল ধরে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। এরপর সতীর্থদের দিয়ে ২ গোল করানো সারাবিয়া নিজেও গোলের দেখা পান। ৮৮তম মিনিটে কলিন দাগবার পাস থেকে দলের চতুর্থ গোলটি করেন তিনি।











































