Home আঞ্চলিক আদেশ অমান্য করে ব্লকে যোগদান না করে অফিসে বহাল

আদেশ অমান্য করে ব্লকে যোগদান না করে অফিসে বহাল

7


স্টাফ রিপোর্টার
অতিরিক্ত পরিচালকের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন জেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের (এসএএও) একটি বড় অংশ নিজ নিজ ব্লকে যোগদান না করে বিভিন্ন দপ্তরে বহাল তবিয়াতে কর্মরত থাকার অভিযোগ উঠেছে। এতে চলতি বোরো/রবি মৌসুমে মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রত্যক্ষভাবে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।
অতিরিক্ত পরিচালকের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশ স্মারক নং- ১২.১৬.৪৭০০.০৩৯.১৯.৩৯.২২-২২৫৪, তারিখ ২৭/১১/২০২৫-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সকল জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে নিজ নিজ কর্মরত উপজেলার নির্ধারিত ব্লকে যোগদান করবেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত সেবা প্রদান করবেন। একই সঙ্গে বোরো ও রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন, সার ও বীজ ব্যবস্থাপনা এবং কৃষি কার্যক্রম মনিটরিংয়ে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনুসন্ধানে দেখা গেছে, উল্লেখিত আদেশ জারির দীর্ঘ সময় পার হলেও বহু উপ-সহকারী কৃষি কর্মকর্তা এখনো নিজ ব্লকে যোগদান করেননি। বরং তারা উপ-পরিচালকের কার্যালয় কিংবা অন্যান্য প্রশাসনিক অফিসে অবস্থান করে দায়িত্ব পালন করছেন। ফলে মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
চলতি বোরো/রবি মৌসুমে ব্লকভিত্তিক দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে না থাকায় কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন না। বীজতলা প্রস্তুত, সেচ ব্যবস্থাপনা, রোগবালাই শনাক্তকরণ, সার প্রয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। অনেক কৃষক জানান, আগে ব্লক উপ-সহকারী নিয়মিত মাঠে এসে পরামর্শ দিতেন, কিন্তু এখন অফিসে গেলে দেখা মেলে না, মাঠেও আসেন না।
কৃষি সংশ্লিষ্ট সূত্র বলছে, মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারাই কৃষক ও সরকারের মধ্যে মূল সেতুবন্ধন। তারাই সরকারি কৃষি নীতি, প্রণোদনা ও প্রযুক্তি সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেন। অথচ সেই গুরুত্বপূর্ণ দায়িত্বে অবহেলার কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—অতিরিক্ত পরিচালকের স্পষ্ট অফিস আদেশ প্রকাশ্যে উপেক্ষা করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশাসনের ভেতরে প্রশ্ন উঠেছে—এই উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের “খুঁটির জোর” কোথায়? কেন তারা শাস্তির ভয় ছাড়াই অফিস আদেশ অমান্য করে চলেছেন?
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষি কর্মকর্তা জানান, কিছু উপ-সহকারী কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রশাসনিক দপ্তরে সংযুক্ত থেকে সুবিধাভোগী হয়ে উঠেছেন। মাঠপর্যায়ের কষ্টকর দায়িত্ব এড়িয়ে তারা অফিসকেন্দ্রিক দায়িত্বে থাকতে আগ্রহী। ফলে কৃষক ও উৎপাদন ব্যবস্থা পড়ছে বড় ঝুঁকিতে।
কৃষক নেতারা বলছেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। তারা অবিলম্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিজ নিজ ব্লকে যোগদান নিশ্চিত করা এবং অফিস আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংশ্লিষ্ট মহলের মতে, কৃষি হলো দেশের অর্থনীতির প্রাণ। সেখানে শৃঙ্খলা ও দায়িত্বহীনতা চলতে থাকলে তার খেসারত দিতে হবে কৃষক ও দেশকেই। অতিরিক্ত পরিচালকের আদেশ বাস্তবায়নে কঠোর নজরদারি ও জবাবদিহি এখন সময়ের দাবি।
নচেৎ প্রশ্ন থেকেই যাবে—অফিস আদেশ অমান্যকারীদের এই “অদৃশ্য শক্তি” আসলে কোথা থেকে আসছে?