Home আঞ্চলিক খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ দাবিতে স্মারকলিপি

খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ দাবিতে স্মারকলিপি

28


শোক দিবস অমান্য, রাষ্ট্রীয় অর্থ অপচয় ও দুর্নীতির অভিযোগ


স্টাফ রিপোর্টার।।


খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা (উপসচিব, পরিচিতি নং-১৬২৩৯)-এর বিরুদ্ধে রাষ্ট্রীয় শোক দিবস ও সাধারণ ছুটির নির্দেশনা অমান্য, রাষ্ট্রীয় অর্থ অপচয় এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবিতে মাননীয় উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এই স্মারকলিপি দাখিল করা হয়। স্মারকলিপির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।


শোক দিবস ও সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগ: স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস ও সাধারণ ছুটি থাকা সত্ত্বেও উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা তা উপেক্ষা করে অফিস খোলা রাখেন। এদিন তিনি কালো ব্যাজ ধারণ করেননি, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করেননি—যা সরকারি নির্দেশনার সরাসরি অবমাননা বলে দাবি করা হয়। এছাড়া শোকের দিনে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ায় গোপন বাণিজ্যের অভিযোগ, প্রীতিভোজ ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ-উল্লাসের বহিঃপ্রকাশ ঘটানোর অভিযোগও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে কর্মচারীরা ইতোমধ্যে চতুর্থ দফায় অপসারণ দাবিতে আন্দোলনে নেমেছেন বলে জানানো হয়।


অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তালিকা: স্মারকলিপিতে ঝুমুর বালা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— প্রায় ছয় মাস বন্ধ থাকা বোতল প্লান্টে আউটসোর্সিং কর্মচারীদের বেতন বাবদ ১০ লাখ টাকার বেশি পরিশোধ, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়।, খুলনা ওয়াসার চারটি জোনে ফ্লো-মিটার ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হলেও যথাযথ তদন্ত না করে বিষয়টি ধামাচাপা দেওয়া এবং অভিযুক্তদের পুরস্কৃত করার চেষ্টা।, স্থায়ী কর্মচারীদের সাপ্তাহিক ছুটি ও আর্থিক সুবিধা না দিয়ে অফিস আদেশের মাধ্যমে ১৬ ঘণ্টা কাজ করতে বাধ্য করা, যা শ্রম আইনের পরিপন্থী।, ব্যক্তিগত যাতায়াত ও ভ্রমণে একাধিক গাড়ি ব্যবহার করে অতিরিক্ত জ্বালানি ব্যয়। এতে জ্বালানি খরচ ২০২৪ সালের সেপ্টেম্বরে ২ লাখ ১৮ হাজার টাকা থেকে ২০২৫ সালের আগস্টে বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকায় দাঁড়িয়েছে।, শ্রম আইন লঙ্ঘন করে সাতজন শ্রমিককে কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা।


তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি: খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক গফফার স্বাক্ষরিত স্মারকলিপিতে দাবি করা হয়, উল্লিখিত অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালার বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা ও অপসারণের দাবি জানানো হয়। ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, খুলনা ওয়াসার মতো একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে এমন কর্মকাণ্ড প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।