খবর বিজ্ঞপ্তি।।
শীতের কনকনে ঠান্ডায় যখন শ্রমজীবী মানুষের জীবন আরও কঠিন হয়ে ওঠে, ঠিক তখনই মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিতে খুলনায় জাহাজ শ্রমিকদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিয়াজী।
মুন্সিগঞ্জের কৃতি সন্তান ও সূচনা এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়া মিয়াজীর উদ্যোগে খুলনা জাহাজ ঘাট এলাকার শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় তিনি শ্রমিকদের খোঁজখবর নেন, তাদের কষ্টের কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। শীতের রাতে কর্মরত এসব শ্রমিকের হাতে কম্বল তুলে দিয়ে তিনি জানান, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক দায়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু। তিনি বলেন, “দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জাহাজ শ্রমিকদের ভূমিকা অপরিসীম। অথচ তারা নানাভাবে অবহেলিত। এই শীতে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন শিকদার, যুগ্ম সম্পাদক পারভেজ মুন্সি, সহ-সভাপতি হালিম শেখ, শাকিব শিকদার, হৃদয়, আসিফ, আলিফসহ স্থানীয় যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতাকর্মীরা শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে শ্রমিকদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। তারা বলেন, “এই ঠান্ডার রাতে কম্বল আমাদের জন্য বড় সহায়তা। আমাদের কথা যারা ভাবেন, তাদের জন্য দোয়া করি।”
মানবিক সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধের এমন উদ্যোগ খুলনার শ্রমজীবী মানুষের কাছে আশার আলো হয়ে উঠেছে। শীতের কঠিন সময়ে এই সহায়তা শুধু শরীরের উষ্ণতা নয়, মনেও জাগিয়েছে ভালোবাসা ও ভরসার অনুভূতি।











































