Home খেলাধুলা আমোরিমকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড

আমোরিমকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড

7
Amorim

স্পোর্টস ডেস্ক।।

১৪ মাসের অস্থির অধ্যায়ের অবসান ঘটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হলেন রুবেন আমোরিম। মাঠের ব্যর্থতা এবং ক্লাবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের চরম অবনতির জেরে আজই (সোমবার) এই সিদ্ধান্ত কার্যকর করেছে ক্লাব কর্তৃপক্ষ। স্থায়ী কোনো কোচ নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন ক্লাবের সাবেক মিডফিল্ডার ও বর্তমান টেকনিক্যাল স্টাফ সদস্য ড্যারেন ফ্লেচার।


৪০ বছর বয়সী পর্তুগিজ কোচ আমোরিমের অধীনে ইউনাইটেডের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। তার মেয়াদে খেলা ৬৩ ম্যাচের মধ্যে রেড ডেভিলরা জয় পেয়েছে মাত্র ২৪টিতে। জয়ের হার মাত্র ৩৮.৭১ শতাংশ, যা ক্লাবের ইতিহাসে অন্যতম দুর্বল কোচিং রেকর্ড।

পরিসংখ্যান বলছে, ১৯৭১ সালে ফ্রাঙ্ক ও’ফ্যারেলের পর আমোরিমের রেকর্ডই সবচেয়ে শোচনীয়। গত রোববার (৪ জানুয়ারি) লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিই ছিল তার কোচিং ক্যারিয়ারের শেষ ম্যাচ।কেবল মাঠের ফলাফল নয়, আমোরিমের বিদায়ের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈরী সম্পর্ককে।

ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্সের সঙ্গে আমোরিমের মতপার্থক্য চরমে পৌঁছেছিল। বিশেষ করে ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রকাশ্য সমালোচনা করায় বোর্ড তার ওপর আস্থা হারায়।

২০২৪ সালের ডিসেম্বরে বড় আশা নিয়ে দায়িত্ব নিলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন আমোরিম। চলতি মৌসুমে ২০ ম্যাচ শেষে ইউনাইটেড বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। যদিও মৌসুমের শুরুতে ক্লাবের মূল লক্ষ্য ছিল শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা।

নতুন স্থায়ী কোচ খুঁজে না পাওয়া পর্যন্ত দলের হাল ধরছেন ড্যারেন ফ্লেচার। বর্তমানে অনূর্ধ্ব-১৮ দলের কোচ হিসেবে কর্মরত ফ্লেচার আগামী পরশু বার্নলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন। তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, স্থায়ী কোচ নিয়োগের ক্ষেত্রে তড়িঘড়ি না করে আগামী গ্রীষ্মকালীন দলবদল পর্যন্ত অপেক্ষা করতে পারে ইউনাইটেড বোর্ড।