Home খেলাধুলা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন টানাপড়েন

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন টানাপড়েন

9

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ-ভারত সম্পর্কের দীর্ঘদিনের টানাপড়েন আবার নতুন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে শীতলতা চলছে। এবার সেই শীতলতার কেন্দ্রবিন্দুতে কূটনীতি বা সীমান্ত নয়, বরং ক্রিকেট আর সেই ক্রিকেটের মুখ্য চরিত্র জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে তাকে হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মোস্তাফিজের বাদ পড়ার ঘটনায় কেবল ক্রীড়াঙ্গন নয়, আলোড়িত হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনও। যদিও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ ইস্যুকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে আমাদের সময়ের কাছে মন্তব্য করেছেন।

সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ভারতে আশ্রয়, বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা, উভয় দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব ইত্যাদি ঘটনাপ্রবাহে আগে থেকেই ঢাকা-দিল্লি সম্পর্কে অবিশ্বাসের দেয়াল উঁচু হচ্ছিল। এর মধ্যেই আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের শীতলতাকে আরও দৃশ্যমান করে তোলে। বিশেষ করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া ও বানোয়াট’ অভিযোগ সামনে এনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এর ফলে মোস্তাফিজুর রহমান কেবল একজন ক্রিকেটার হিসেবে নন, বরং রাজনৈতিক টার্গেটেও পরিণত হয়েছেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো চিঠিকে অনেকেই দুই দেশের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন। কিন্তু মোস্তাফিজ ইস্যু সেই সম্ভাবনাকে কার্যত প্রশ্নবিদ্ধ করেছে। কূটনৈতিক সৌজন্যের আবহের মধ্যেই ক্রীড়াক্ষেত্রে এমন সিদ্ধান্ত সম্পর্ক উন্নয়নের প্রত্যাশায় পানি ঢেলে দিয়েছে বলে মন্তব্য করছেন কূটনীতি-সংশ্লিষ্টরা।

এ পরিস্থিতিতে পাল্টা প্রতিক্রিয়াও দ্রুত এসেছে। ভারতীয় রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে শুরু হওয়া চাপের মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে। এর রেশ ধরে আরও বড় সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল এক স্পষ্ট বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ নিরাপদ নয়। এ বিষয়ে বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করা হয়।

বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের জরুরি সভা গতকাল অনুষ্ঠিত হয়। ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপসংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ওই সভায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি, খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি মনে করছে, এই পদক্ষেপ বাংলাদেশের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। আইসিসি পরিস্থিতি অনুধাবন করে দ্রুত সিদ্ধান্ত নেবে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে বোর্ড।

অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আমাদের সময়কে বলেন, মোস্তাফিজ ইস্যুটি ক্রীড়াঙ্গনের বিষয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত নয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যদিও আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজ ইস্যুকে কূটনীতির বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে, বাস্তবে ক্রীড়া ও রাজনীতির সীমারেখা এখানে ঝাপসা হয়ে গেছে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা এবং বাংলাদেশবিরোধী কিছু শক্তির সক্রিয় ভূমিকা এই সংকটকে আরও ঘনীভূত করছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও কূটনীতির ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা বলেও মনে করছেন অনেকে। একজন জাতীয় দলের খেলোয়াড়কে ঘিরে আন্তর্জাতিক টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের আবেদন ইতিহাসে প্রথম।