Home খেলাধুলা টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা, বাদ জাকের-শান্ত

টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা, বাদ জাকের-শান্ত

3


স্পোর্টস ডেস্ক।।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব থাকবেন লিটন দাস। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটার জাকের আলী ও নাজমুল হোসেন শান্তর।

ফর্ম খুব একটা ভালো না থাকলেও আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা ধরে রেখেছেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, আর অনুমিতভাবেই দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।

এই স্কোয়াডে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে। এরপর শুধুমাত্র চোটজনিত কারণে এবং টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষেই পরিবর্তন সম্ভব হবে।

এই দলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কিপার-ব্যাটার জাকের আলী অনিকের বাদ পড়া। গত বছর বাংলাদেশের হয়ে ২৬টি টি–টোয়েন্টি খেলেছেন তিনি—তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল তানজিদ হাসান (২৭)। ব্যাট হাতে ভালো ফর্মে না থাকলেও এতদিন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের আস্থায় ছিলেন জাকের। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটের সময় গত সেপ্টেম্বরে এশিয়া কাপে এবং পরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাঁচটি টি–টোয়েন্টিতে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ শুরু করার পর সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দ হারিয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। সবশেষ ১৪ টি–টোয়েন্টিতে নেই কোনো ফিফটি, আর শেষ ৯ ইনিংসের চারটিতেই আউট হয়েছেন দুঅঙ্কে পৌঁছানোর আগেই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টির পর একাদশ থেকে বাদ পড়েন তিনি। বিপিএলেও শুরুটা ভালো হয়নি—তিন ম্যাচে করেছেন মাত্র ৪১ রান। শেষ পর্যন্ত স্কোয়াড থেকেও বাদ পড়লেন জাকের।

ব্যাট হাতে খুব একটা ভালো অবস্থায় নেই নুরুল হাসান সোহানও। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই সিরিজে তিন ম্যাচে তার রান ৫, ১ ও ৫। বিপিএলেও তিন ম্যাচে এক ইনিংসে করেছেন মাত্র ৬ রান। তবুও দলে জায়গা পেয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে ৫৫টি টি–টোয়েন্টি খেলা সোহানের ব্যাটিং গড় ১৮.৩৮ এবং স্ট্রাইক রেট ১১৯.৪৯।

সবশেষ সিরিজের স্কোয়াডে থাকলেও মাহিদুল ইসলাম অঙ্কন কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। পরখ না করেই এবার তাকে বাদ দেওয়া হলো।

জাকের ও মাহিদুলকে বাদ দিয়ে পেস আক্রমণে শক্তি বাড়িয়েছে নির্বাচকরা। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, যিনি আয়ারল্যান্ড সিরিজের সময় আবুধাবি টি–টোয়েন্টি লিগে ব্যস্ত ছিলেন। পরে খেলেছেন আইএল টি–টোয়েন্টিতেও।

পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিনসহ দলে রয়েছেন মোট পাঁচজন পেসার। স্পিন আক্রমণে রাখা হয়েছে রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানকে। জায়গা হয়নি বাঁহাতি স্পিনার তানভির ইসলামের। বিপিএলে ভালো শুরু করলেও দলে ফিরতে পারেননি নাজমুল হোসেন শান্ত।

সবশেষ সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে যাকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন লিটন দাস, সেই শামীম হোসেন অবশ্য বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি, বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের পরের তিন ম্যাচ ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে। প্রথম ম্যাচটি হবে কলকাতায়, পরের ম্যাচের ভেন্যু মুম্বাই।

বাংলাদেশ বিশ্বকাপ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।