অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের খবরকে ঘিরে ভেনেজুয়েলাবাসীর প্রতিক্রিয়া ভেসে ওঠে আশা, ভয় ও অনিশ্চয়তার মিশ্র অনুভূতি। কারাকাস বিস্ফোরণে কাঁপা রাতের পর শনিবার সকাল থেকে কিছু মানুষ রাস্তায় নামতে শুরু করে। কারও মুখে ছিল উচ্ছ্বাস, কারও মুখে নিন্দার ঝড়। দীনা নামের এক স্থানীয় বাসিন্দা বিবিসিকে বলেন, আপাতত তিনি যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, ‘মাদুরোকে আমাদের কাছ থেকে সরিয়ে নেয়ার” জন্য কৃতজ্ঞতা। কারণ এতে আবার অন্তত টানেলের শেষে একফোঁটা আলো দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক পরিস্থিতি এখনো খুবই টানটান। এ কারণেই তিনি আসল নাম প্রকাশ করতে চাননি।
কারাকাসের কাছেই বসবাসকারী হোর্হে জানান, ট্রাম্প এবং পুরো যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে তিনি কৃতজ্ঞ হলেও সামনে কঠিন দিন আসছে বলে আশঙ্কা করছেন। তিনি বলেন, ওকে যখন সরিয়ে নেয়া হচ্ছে, এরপর কী হবে? এটা আমাদের জন্য কোনো নিশ্চয়তা দেয় না। কিছুটা অনিশ্চয়তা আছেই। আমরা জানি না সামনে কী আসছে।
এদিকে মাদুরোর সমর্থকরাও কারাকাসে রাস্তায় নেমেছেন তাদের নেতার মুক্তি দাবি করে। কারাকাসের মেয়র ও সরকারের ঘনিষ্ঠ সতীর্থ কারমেন মেলেন্দেজও ‘মাদুরোর অপহরণ’বিরোধী সমাবেশে যোগ দেন। শনিবার ভোরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসে ধারাবাহিক লক্ষ্যভিত্তিক হামলা চালায় এবং শেষ পর্যন্ত দেশটির প্রেসিডেন্টকে নিজেদের হেফাজতে নেয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো একটি ‘নার্কো সন্ত্রাসী’ শাসন পরিচালনা করছেন। দেশটির অভ্যন্তরের বিরোধী শিবির ও বিদেশি সরকারগুলোর একাংশ তাকে ২০২৪ সালের নির্বাচনে অবৈধভাবে জয়ী হয়েছে বলেই দেখে।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা এবং ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বদানকারী মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিরোধী গোষ্ঠী দমন ও মত প্রকাশ দমনের অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে সহিংস পন্থায়ও। মাদুরো ও তার স্ত্রীকে ড্রাগ পাচার ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে মোকাবিলার জন্য নিউইয়র্কে নেয়া হয়েছে। ট্রাম্প বলেছেন, স্থায়ী বিকল্প নেতৃত্ব না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি এবং এর তেল সম্পদ পরিচালনা করবে। মাদুরো এর আগে যুক্তরাষ্ট্রের মাদকপাচার জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবু যারা মাদুরোর বিদায়ে স্বস্তি পাচ্ছেন, তাদের মধ্যেও ভয় ও অনিশ্চয়তা এখনো প্রবল। দীনা ট্রাম্পের ওপর তেমন ভরসা করছেন না। তিনি বলেন, তিনি এখন এক কথা বলেন, কালই আবার তা বদলে ফেলেন। আমি তার কথা খুব একটা সিরিয়াসলি নেয়ার অভ্যেস করি না।
তবে মাদুরো আটক হওয়ার পর ট্রাম্পের দেয়া বক্তব্যগুলোর মধ্যে একটাই ভালো দিক দেখছেন দীনা। তা হলো যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিনিয়োগ করবে যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করবে বলে তিনি আশা করছেন। মাদুরোর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার ঝুঁকি এখনো ভয়াবহ। কয়েক সপ্তাহ আগে জাতীয় পরিষদ, যা মূলত মাদুরোর অনুগত সদস্যদের নিয়ন্ত্রণে তারা একটি আইন পাস করে, যেখানে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের সমর্থন জানালে তাকে ‘রাষ্ট্রদ্রোহী’ ঘোষণা করা হবে।
হোর্হে জানান শুক্রবার তিনি মোটরসাইকেলে চড়ে থাকা সশস্ত্র কোয়ালেক্তিভো সদস্যদের (প্রো-গভর্নমেন্ট আধা-সামরিক দল) রাস্তায় ঘোরাফেরা করতে দেখেছেন। এমন অবস্থায় এখন রুটি কিনতেও বাইরে যেতে ভয় লাগে।
তিনি আরও জানান, মাদুরোর ঘনিষ্ঠ মিত্র ও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাপেলোর প্রভাব নিয়েও তিনি উদ্বিগ্ন। তিনি খুব খারাপ ও প্রতিহিংসাপরায়ণ মানুষ। তার সঙ্গে কতজন আছে আমি জানি না। আশা করি সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়াবে তাহলে তার নিয়ন্ত্রণ কিছুটা কমবে।
সান্দ্রাও দীনা ও হোর্হের মতো মাদুরোর পতনে স্বস্তি প্রকাশ করেন। তবে তিনিও ভবিষ্যৎ এবং নির্বাসিত ভেনিজুয়েলাবাসীদের অবস্থান নিয়ে সংশয়ে আছেন। মাদুরো ক্ষমতায় আসার পর থেকে প্রায় ৮০ লাখ ভেনেজুয়েলান দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এদের অনেকেই নিজেদের নতুন শহরে মাদুরোর গ্রেপ্তারকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। নির্বাসনে থাকা লাখ লাখ মানুষের পাশাপাশি অনেকেই নিখোঁজ, কারাবন্দী, নিহত বা কেবল বেঁচে থাকার সংগ্রামে। এ এক সত্যিকারের ট্র্যাজেডি, যার যথাযথ প্রতিকার কোনো দেশই করেনি। এটা শুধু শুরু আমরা জানি সামনে এখনো দীর্ঘ পথ বাকি। এতোদিন কোনো দেশ ভেনিজুয়েলাবাসীর এই আর্তনাদ এভাবে শোনেনি।











































